তারাগঞ্জের সেই খারুভাজ সেতুর দুই দিকে তৈরি করা হলো রাম্বল স্ট্রিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারাগঞ্জ উপজেলার খারুভাজ সেতুর দুই দিকে মহাসড়কে তৈরি করা হয়েছে রাম্বল স্ট্রিপ
ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের খারুভাজ সেতুর দুই দিকে রাম্বল স্ট্রিপ তৈরি করা হয়েছে। ৮ দিনের ব্যবধানে দুটি পৃথক দুর্ঘটনায় খারুভাজ সেতুর কাছে ১২ জনের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে রংপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সোমবার সেখানে গাড়ির গতি কমানোর জন্য সেতুর দুই দিকে তিন স্থানে ওই রাম্বল স্ট্রিপ তৈরি করে।

আরও পড়ুন

সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সেতুটির পশ্চিম দিকে ৭০ মিটার পরপর দুই স্থানে এবং পূর্ব দিকে ৭০ মিটার দূরে এক স্থানে রাম্বল স্ট্রিপ তৈরি করা হয়েছে। প্রতিটি রাম্বল স্ট্রিপে ১ ফুট পরপর ৫টি বিট করা হয়েছে। সেগুলোর পাশে সাদা রং দেওয়া হয়েছে। পশ্চিম পাশে ৭০ মিটার পর্যন্ত গাইড পোস্ট বসানো হয়েছে। ‘সামনে গতিরোধক, ধীরে চলুন’ লেখাসংবলিত তিনটি সাইনবোর্ড লাগানো হয়েছে সেতুর দুই পাশে। দ্রুতগামী যানবাহনগুলো ওই স্থানে গতি কমিয়ে সেতু পার হচ্ছে। তবে এরপরও কোনো কোনো যানবাহন গতি না কমিয়ে দ্রুত গতিতে চলাচল করছে।

৮ দিনের ব্যবধানে দুটি পৃথক দুর্ঘটনায় খারুভাজ সেতুর কাছে ১২ জনের প্রাণহানি হয়।

জানতে চাইলে সওজ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহাবুব আলম মুঠোফোনে বলেন, মহাসড়কের ওই স্থানে যানবাহনের গতি কমানোর জন্য রাম্বল স্ট্রিপ তৈরি করা হয়েছে। আবহাওয়া ভালো হলে ডিবিএসটি পদ্ধতিতে সেতুর পশ্চিম পাশে কার্পেটিং করে দেওয়া হবে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের খারুভাজ সেতুর পশ্চিম দিকে ৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও ৪৫ জন আহত হন। এরপর ১১ সেপ্টেম্বর ভোরে সেতুর ওই স্থানে অ্যাম্বুলেন্স-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে ১ নবজাতকসহ ৪ জন নিহত হন এবং আহত হন আরও ৪ জন। এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। সর্বশেষ সোমবারও প্রথম আলোতে ‘দুর্ঘটনার ফাঁদ খারুভাজ সেতু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।