অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী বাসের সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
নিহত ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার বাসিন্দা মো. রিয়াদ (২০) ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা রিগেন চক্রবর্তী (৩৫)। দুর্ঘটনায় অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। পরে রাতেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।