রাজশাহীতে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন
রাজশাহীতে কয়েক দিন ধরে চলছিল মৃদু তাপপ্রবাহ। তা বেড়ে দুই দিন ধরে রূপ নিয়েছে তীব্র তাপপ্রবাহে। আজ শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবারও একই তাপমাত্রা ছিল।
এদিকে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচণ্ড তাপমাত্রার কারণে স্বাভাবিক কর্মপ্রবাহে ব্যাঘাত ঘটছে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ গণ্য করা হয়। তাপ ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ সৃষ্টি হয়। আর ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা উঠে গেলে তা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়। এর পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে। গত সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন এটি ছিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এরপর মঙ্গলবার ১ ডিগ্রি বেড়ে দাঁড়ায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি। গতকাল বেলা তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজও একই তাপমাত্রা।
সকালে ভ্যাপসা গরমের মধ্যে গাছের আম পাড়ছিলেন মো. বাবলু। তিনি প্রথম আলোকে বলেন, প্রচণ্ড রোদে আমগাছে গরম আরও বেশি। এই গরমে আম পেকে শেষ হয়ে যাবে। তাই পেড়ে ফেলছেন।
নগরের দায়রাপাক মোড়ে আখের রস বিক্রি করছিলেন মো. জনি মিয়া। তিনি বলেন, এ বছর রাজশাহীতে গরম বেশি পড়েছে। প্রচণ্ড গরমে মানুষ তৃষ্ণা মেটাতে আখের রস পান করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন চালক রিকশায় ঘুমাচ্ছিলেন। তাঁর পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন আরেক রিকশাচালক। তিনি বলেন, এ গরমে গাছের ছায়ায় ঘুমানোই ভালো। বাড়িতে লোডশেডিং বেড়েছে। মানুষজন বাইরে কম বের হচ্ছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এই আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। মৌসুমি জলবায়ু বাংলাদেশে আরও কয়েক দিন পর প্রবেশ করবে। আর এই বায়ু রাজশাহীতে আসতে সময় লাগবে।