রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার, র্যাগিং করলে ব্যবস্থা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী রোববার। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে নবীন শিক্ষার্থীদের র্যাগিং করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রক্টরিয়াল বডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক প্রথম বর্ষের ক্লাস ১০ মে থেকে শুরু হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ক্লাস রুটিন অনুযায়ী যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
এদিকে র্যাগিংয়ের বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, এবার র্যাগিংয়ের বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। কেউ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া র্যাগিং প্রতিরোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিভাগীয় সভার অনুমতি ছাড়া কোনো বর্ষের শিক্ষার্থী অন্য বর্ষের নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরদিন এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২৪ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা পর্ব শেষ হয়। এদিকে গত ২৩ জানুয়ারি ‘সি’, ২২ জানুয়ারি ‘এ’ ও ২৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর রাজশাহী ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্র হিসেবে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে ৩টি ইউনিট মিলিয়ে ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার সু্যোগ পান। এর মধ্যে এ (মানবিক) ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, বি (ব্যবসায়) ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং সি (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন চূড়ান্ত আবেদন করেন।