সিলেট সিটি করপোরেশন ভবন থেকে পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যু, তদন্ত কমিটি
সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদের ওপর থেকে লোহার পাইপ পড়ে মাথায় আঘাত পেয়ে এক সেনাসদস্য মারা গেছেন। এ ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। শনিবার বেলা তিনটার দিকে নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপারমার্কেট এলাকায় ঘটনাটি ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নিহত ব্যক্তির নাম মো. দেলোয়ার হোসেন। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী থানাধীন জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।
এদিকে ঘটনা তদন্তে আজ বিকেলে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিলেট সিটি করপোরেশন। শনিবার সন্ধ্যায় সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
স্থানীয় লোকজন, থানা-পুলিশ ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টার দিকে সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ১২ তলা ভবনের ছাদ থেকে একটি লোহার পাইপ পাশের সিটি সুপারমার্কেট নামের বিপণিবিতানের ছাদে পড়ে।
সেখান থেকে পাইপটি গড়িয়ে নিচে পড়ে যায়। এ সময় বিপণিবিতানটির নিচে দেলোয়ার দাঁড়িয়ে ছিলেন। পাইপের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিলেট সিটি সুপারমার্কেটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিটি করপোরেশনের প্রকৌশলীরা।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিলেট সিটি করপোরেশনের ৬ তলা ভবনটি বর্ধিত করে ১২ তলা করা হচ্ছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কো.। ওই লোহার পাইপ ১২ তলার ওপরের ছাদ থেকে পড়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
কমিটির অন্য সদস্যরা হলেন গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।