রাজশাহীর বাঘা পৌরসভা
সুপেয় পানির আশায় ২৩ বছর
২৯ ডিসেম্বর এ পৌরসভায় নির্বাচন হবে। এ অবস্থায় পৌরবাসী সুপেয় পানি সরবরাহের দাবি জানিয়েছে।
২৩ বছর আগে রাজশাহীর বাঘা পৌরসভা গঠিত হয়। এত দিন পরও এই পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহব্যবস্থা গড়ে ওঠেনি। ৭২ লাখ টাকার পাইপলাইন মাটির নিচে রেখে নতুন করে আবার প্রায় ২৫ কোটি টাকা প্রকল্পের কাজ শুরু হয়েছে। বাঘা পৌরবাসীর আক্ষেপ, শুধু প্রকল্পের পর প্রকল্পই হাতে নেওয়া হচ্ছে, কিন্তু তাঁরা পানি পাচ্ছেন না।
বাঘা পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২৪ জুন বাঘা পৌরসভা প্রতিষ্ঠার পর ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক। ২০০৬ সালের ২৬ জুন অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আক্কাছ আলীর কাছে আবদুর রাজ্জাক পরাজিত হন। আক্কাছ আলীর আমলে এটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত হয়। ২০১৭ সালে আক্কাছ আলী আবার আবদুর রাজ্জাকের কাছে হেরে যান। আগামী ২৯ ডিসেম্বর আবার নতুন নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।
বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকারের বাড়ি পৌর এলাকার দক্ষিণ মিলিক বাঘায়। তাঁর তিনতলা বাড়ি। কীভাবে খাবার সংগ্রহ করেন, জানতে চাইলে তিনি বলেন, বাসায় নিজস্ব মোটর লাগিয়েছেন। এর মাধ্যমে সুপেয় পানি ওঠান। অন্যদিকে পৌরসভার চকছাতারি মহল্লার ভ্যানচালক মো. মোজাম্মেল হক একটি টিনের ছাপরাঘরে বাস করেন। তিনি বলেন, এলাকার নলকূপ থেকে তিনি তাঁর পরিবারের জন্য সুপেয় পানি সংগ্রহ করেন। ফলে সরবরাহের পানি এলে তাঁদের সুবিধা হতো।
পৌরসভা সূত্রে জানা যায়, এই পৌর এলাকায় প্রথম পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু করেছিলেন আবদুর রাজ্জাক। সেই সময়ে ৭২ লাখ টাকা খরচ করে মাটি খুঁড়ে পাইপ বসানো হয়। কিন্তু নগরবাসী এর কোনো সুবিধা পাননি। ২০১৭ সালে আবার আবদুর রাজ্জাক মেয়র নির্বাচিত হলে নতুন প্রকল্পের শুরু হয়। এ প্রকল্পের অধীন প্রায় আট কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন একটি ওভারহেড ট্যাংক নির্মাণের কাজ চলছে। আরও ৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নতুনভাবে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। পৌর এলাকায় ৩২ কিলোমিটার পাইপ বসানো হবে। তার মধ্যে ১০০ মিটার পাইপ প্রস্তুত করা হয়েছে। বাঘা পৌর ভবনের পাশে একটি, উত্তর মিলিক বাঘায় একটি ও নারায়ণপুর বাজারে একটি পানি উৎপাদন নলকূপ বসানো হয়েছে। সব মিলে এ প্রকল্পে প্রায় ২৫ কোটি টাকার কাজ হচ্ছে।
মুর্শিদপুর মহল্লার এক বাসিন্দা বলেন, পানি সরবরাহের প্রকল্প করতে করতেই ২৩ বছর পার হয়ে গেল। পৌরবাসী একফোঁটা পানিও পায়নি। নির্বাচনের পর আবার কী হবে, কে জানে।
মেয়র আবদুর রাজ্জাক বলেন, তিনি তাঁর প্রথম মেয়াদে ৭২ লাখ টাকা খরচ করে মাটি খুঁড়ে পাইপ বসান। তার পরের মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন আক্কাছ আলী। নালা নির্মাণের জন্য ওই সময় পাইপগুলো কেটে নষ্ট করে ফেলা হয়েছে।
অভিযোগের বিষয়ে আক্কাছ আলী বলেন, আবদুর রাজ্জাক কোথায় পাইপ বসিয়েছিলেন, তাঁর তা জানা নেই। নালা নির্মাণের সময় কোনো পাইপ নষ্ট করা হয়নি। তাঁর কাজ তিনি করেছেন।