সন্দ্বীপে রাতের আঁধারে শ্রমিক দল নেতাকে গুলি

নাসির উদ্দীনছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে রাতের আঁধারে শ্রমিক দলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক দল নেতার নাম নাসির উদ্দীন ওরফে বাবুল (৪৫)। তিনি শ্রমিক দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক। আহত অবস্থায় নাসিরকে প্রথমে স্থানীয় স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নাসির উদ্দীন ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসাইন বলেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিরকে রাতের আঁধারে গুলি করা হয়। তাঁর ঊরুতে গুলি লেগেছে। তবে কে বা কারা গুলি করেছেন, সেটি তিনি নিশ্চিত হতে পারেননি। ভাড়াটে কোনো সন্ত্রাসী দিয়ে তাঁকে হত্যার উদ্দেশে হামলা হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নাসির উদ্দীনের ভাই ও মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিমকে ৬ সেপ্টেম্বর এক পুলিশ সদস্যকে অপহরণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর মধ্যেই নাসির উদ্দিন গুলিতে আহত হলেন।

জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবিদ্ধ নাসির উদ্দীনের স্বজনেরা গুলি করা করেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।