চলতি মাসের বেতন ও কারখানা স্থানান্তরের প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল থেকে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেড নামের ওই পোশাক কারখানাটির সামনে বিক্ষোভ করছেন তাঁরা।
পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মহানগরীর টেকনগপাড়া এলাকায় মুনলাক্স কম্পোজিট গার্মেন্টসের অবস্থান। আজ সকালে শ্রমিকেরা কাজে গিয়ে কারখানার মূল ফটকে কারখানা স্থানান্তরের নোটিশ দেখতে পান। গতকাল শনিবার রাতেই কারখানার ফটকের সামনে কর্তৃপক্ষ ওই নোটিশ সাঁটিয়ে দেয় বলে জানা গেছে। পরে শ্রমিকেরা চলতি আগস্টের বেতন পরিশোধের দাবি ও কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়। মহাসড়ক থেকে সরে গিয়ে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কারখানা এলাকায় অবস্থান করছে।
কারখানার শ্রমিক শফিকুল ইসলাম বলেন, কারখানা থেকে তাঁদের আগে কিছুই জানানো হয়নি। হঠাৎ আজ সকালে কাজে গিয়ে দেখেন কারখানার সামনে নোটিশ। শ্রমিকদের চলতি মাসের বেতনও দেওয়া হয়নি। কারখানা স্থানান্তর হয়ে গেলে তাঁদের কী হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্তও দেওয়া হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সিদ্দিক বলেন, কারখানা ভবনের ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা স্থানান্তর করছে বলে তারা পুলিশকে জানিয়েছে। এ কারণে কারখানার সামনে নোটিশ টাঙিয়ে দেয়। তবে আগে থেকে শ্রমিকদের বিষয়টি জানানো হয়নি। সকালে নোটিশ দেখে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।