গাজীপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আজ সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে জানিয়ে ফায়ার সার্ভিস জানায়, ওই অংশে প্রিমিয়ার ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান আছে। খবর পেয়ে ভোগড়া বাইপাস, টঙ্গীসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ ভোরে ভবনটির তৃতীয় তলা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ভবনটির ভেতরে থাকা লোকজনের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরণ মিয়া। তিনি বলেন, তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।