পরিত্যক্ত স্কুলব্যাগে পাওয়া গেল সাড়ে ১৯ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলার ম্যাপ
প্রথম আলো

যশোরের মনিরামপুর উপজেলা থেকে ১৯ লাখ ৫৩ হাজার ৯৮ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে উপজেলার স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনের জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত স্কুলব্যাগ থেকে এসব টাকা উদ্ধার করা হয়।

এদিকে পুলিশ বলছে, যশোরের ঝিকরগাছা উপজেলার ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কার্যালয় থেকে গতকাল শনিবার রাতে এ টাকা চুরি হয়েছিল। এ ঘটনায় করা মামলায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ঝিকরগাছা কার্যালয়ের এক বিক্রয়কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম জুবায়ের হোসেন (২১)। তিনি মনিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত স্কুলব্যাগে অনেক টাকা ছিল। গ্রামের এক ব্যক্তি আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে স্কুলব্যাগ ভর্তি টাকা দেখতে পেয়ে সেখান থেকে তিন বান্ডিল টাকা নিয়ে আসেন। বিষয়টি তিনি গ্রামের কয়েক ব্যক্তিকে জানান। এরপর তাঁরা ঘটনাস্থলে গিয়ে টাকার ব্যাগটি দেখে পুলিশকে খবর দেন। ঝিকরগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, গতকাল রাতে ঝিকরগাছা উপজেলার ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কার্যালয়ের তালা ভেঙে ২৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ সকালে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। মামলার পর পুলিশ ওই কোম্পানির শাখা ব্যবস্থাপকসহ ছয় কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা মনিরামপুর উপজেলার স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে জঙ্গলের ভেতরে একটি স্কুলব্যাগে টাকা রেখেছেন বলে জানান। এরপর আজ সকালে সেখান থেকে টাকা উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন ভক্ত বলেন, চুরি যাওয়া টাকার মধ্যে ১৯ লাখ ৫৩ হাজার ৯৮ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর এক বিক্রয়কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে।