পাহাড় কাটায় কারখানাকে ২ লাখ টাকা জরিমানা, কর্মকর্তার কারাদণ্ড

কারখানাটিতে পাহাড় কাটা চলছে। গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডেছবি: উপজেলা প্রশাসনের সৌজন্যে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে পাহাড় কাটা ও পুকুর ভরাটের দায়ে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির এক কর্মকর্তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।

কারখানাটির নাম মুকবুলুর রহমান জুট মিল। তবে নামে এখনো পাটকল কারখানা হলেও সম্প্রতি অন্য একটি প্রতিষ্ঠান সেখানে কনটেইনার ডিপো তৈরির কাজ করছিল। যাঁকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম ফরিদ আহমেদ। তিনি ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা এবং প্রতিষ্ঠানটির ইনচার্জ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে পাহাড়টি কাটা হচ্ছে। কারখানার ভেতরের একটি পুকুরও ভরাট করা হয়েছে। ভরাটের কাজে পাহাড় কাটা মাটি ব্যবহার করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া একই সময়ে কারখানার ভেতরে থাকা অনেক গাছ কেটে ফেলা হয়েছে।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, কারখানা এলাকাটিতে গিয়ে দেখা যায়, একটি পাহাড়ি টিলা কেটে সমান করে ফেলা হয়েছে। কারখানাটি বিক্রির পর একটি কনটেইনার ডিপো তৈরির কাজ চললেও এখনো সেটি কাগজে-কলমে মুকবুলুর রহমান জুট মিলের নামে। তাই অনুমতি ছাড়া পাহাড় কাটা এবং পুকুর ভরাটের দায়ে ওই কারখানার এক কর্মকর্তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা করার জন্য বলা হয়েছে।