সাঁতরে খাল পার হতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ১০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ভাঁ খালী নামের এলাকার ‘ছনুয়া খালে’ মাদ্রাসাছাত্র নিখোঁজের ১০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মো. ইব্রাহিম (১২) নামের ওই শিশুর মরদেহ খালে ভেসে ওঠে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সে নিখোঁজ হয়।
মারা যাওয়া মো. ইব্রাহিম উপজেলার রাজাখালী ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে। সে রাজাখালী বেশারাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় লোকজন বলেন, গতকাল সকাল ১০টার দিকে মো. ইব্রাহিমসহ ছয় শিশু সাঁতরে রাজাখালী থেকে ছনুয়া খাল পার হয়ে ছনুয়া এলাকার চরে গিয়ে দল বেঁধে ফুটবল খেলে। খেলা শেষে ছয় বন্ধু আবার সাঁতরে ছনুয়া খাল পার হতে গিয়ে ইব্রাহিম ডুবে যায়। তবে অন্য পাঁচজন সাঁতরে খাল পার হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন বলেন, পাঁচ শিশু খাল পার হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ইব্রাহিমকে খুঁজতে খালে নামেন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বেলা দুইটা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইব্রাহিমকে খুঁজতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খুঁজে না পাওয়ায় প্রথম দিনের অভিযান সমাপ্ত করে আজ শুক্রবার সকালে আবার খোঁজার সিদ্ধান্ত হয়।
ইউপি সদস্য নেজাম উদ্দিন বলেন, এরই মধ্যে গতকাল রাত ১০টার দিকে নিখোঁজের জায়গাতেই ভেসে ওঠে মাদ্রাসাছাত্র ইব্রাহিমের মরদেহ। পরে পুলিশ পৌঁছে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর হায়দার বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় জনতা যৌথভাবে শিশুটিকে উদ্ধারে অভিযান চালালেও ব্যর্থ হয়। কিন্তু রাত ১০টার দিকে নিখোঁজ ছাত্রের মরদেহ ভেসে উঠলে পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।