প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে নোয়াখালীর বিএনপি নেতা ঢাকায় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমানকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার পল্টনে ইম্পেরিয়াল আবাসিক হোটেল থেকে তাঁকে আটক করে সেনবাগ থানা-পুলিশের একটি দল।

আটক আবদুর রহমান নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক পদেও দায়িত্বে আছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, আবদুর রহমান বর্তমানে সেনবাগ থানা-পুলিশের হেফাজতে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতে পাঠানো হবে।

সেনবাগ থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেনবাগের ছাতারপাইয়া বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভায় বিএনপি নেতা আবদুর রহমান প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা দ্রুত আব্দুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে আজ দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান ও সেনবাগ বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান একজন ক্যানসার রোগী। তাঁকে পুলিশ বিনা কারণে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের খুশি করতে আটক করেছে। অথচ তাঁর বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নেই। পুলিশ হয়রানির উদ্দেশে তাঁকে আটক করেছে। অবিলম্বে তিনি আবদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।