ধান ও চাল সংগ্রহ অভিযান
যশোরে ৩৫ দিনেও ধান সংগ্রহ হয়নি
গত ১৭ নভেম্বর ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত বুধবার পর্যন্ত ৩৫ দিনে যশোর খাদ্যগুদামে এক ছটাক ধানও সংগ্রহ করা হয়নি।
যশোরে সরকারিভাবে আমন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৯৮ মেট্রিক টন। আর চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ মেট্রিক টন। সরকারিভাবে গত ১৭ নভেম্বর ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত বুধবার পর্যন্ত ৩৫ দিনে যশোর খাদ্যগুদামে এক ছটাক ধানও সংগ্রহ করা হয়নি। তবে চাল সংগ্রহ করা হয়েছে ১০৭৭ দশমিক ২১০ মেট্রিক টন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, চলতি আমন মৌসুমে যশোর জেলায় কৃষকের কাছ থেকে ৪ হাজার ৯৯৮ মেট্রিক টন ধান ও ৯ হাজার ৯৯৯ মেট্রিক টন চাল সংগ্রহের অভিযান শুরু হয় ১৭ নভেম্বর। আগামী ২৮ ফেব্রুয়ারি এ সংগ্রহ অভিযান শেষ হবে। চাল সরবরাহের জন্য ৮৭ জন চালকল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। চাল ৪২ টাকা এবং ধান ২৮ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে। ১৪ শতাংশের নিচের আর্দ্রতার ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার পর্যন্ত জেলায় কোনো ধান সংগ্রহ করা হয়নি। অবশ্য এ সময়ে চাল সংগ্রহ করা হয়েছে ১০৭৭ দশমিক ২১০ মেট্রিক টন। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে বিক্রি করতে পারেন। ধান কেনার পর গুদাম থেকে কৃষককে ওজন মান মজুত সনদ দেওয়া হয়। কৃষক ওই সনদ ব্যাংকে তাঁর নিজস্ব ১০ টাকার হিসাবে জমা দিয়ে হিসাব থেকে চেক দিয়ে ধান বিক্রির টাকা তোলেন।
যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু বলেন, আমন ধান সংগ্রহ অভিযানে সরকারিভাবে যে দাম নির্ধারণ করা হয়েছে, স্থানীয় বাজারে তার চেয়ে বেশি দামে ধান বেচাকেনা হয়েছে। সম্প্রতি ধানের দাম কমতে শুরু করেছে। তা ছাড়া খাদ্যগুদামগুলো উপজেলা সদরে হওয়ায় ধান পরিবহনে কৃষকের ব্যয় বাড়ে। শ্রম ও সময় বেশি লাগে। সে জন্য কৃষক পাশের বাজারে প্রায় একই দামে ধান বিক্রি করছেন। তাঁর পরিবহন ব্যয়, শ্রম ও সময় কম লাগছে। এ কারণে কৃষক খাদ্যগুদামে ধান সরবরাহ করতে আগ্রহী হচ্ছেন না। কৃষক যাতে গুদামে ধান বিক্রি করেন, সে জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে এলাকায় এলাকায় মাইকিং, ব্যানার টানানো ও লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, জেলার আটটি উপজেলার মধ্যে সদর, শার্শা, চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় কৃষি অ্যাপের মাধ্যমে এবং অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ১৭ নভেম্বর ধান কেনা শুরু হলেও ধান সংগ্রহ করা যায়নি। ১৫-২০ দিন আগে জেলার হাটবাজারে মোটা ধান ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং চিকন ধান ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। ধানের দাম কমতে শুরু করেছে। বর্তমানে মোটা ধান ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ১৬০ টাকা এবং চিকন ধান ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। গুদামে ধানের নির্ধারিত দাম ১ হাজার ১২০ টাকা মণ। গুদামে ধান বিক্রি করা বেশ ঝামেলার। তা ছাড়া মোটা ধানের বাজারদর এবং সরকার নির্ধারিত দাম প্রায় কাছাকাছি। কিন্তু চিকন ধানের দাম বেশি। গুদামে ধান পৌঁছে দিতে পরিবহন খরচ বেশি পড়ে, শ্রম ব্যয় হয় বেশি। এ জন্য কৃষকেরা গুদামে ধান বিক্রি করতে চান না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যশোর কার্যালয় সূত্রে জানা যায়, কৃষকদের একটি করে কৃষি কার্ড আছে। ওই কার্ডে কৃষকের নাম, পরিচয় এবং তাঁর চাষ করা জমির পরিমাণ উল্লেখ রয়েছে। জেলায় কার্ডধারী কৃষকের ব্যাংকে ১০ টাকার হিসাব রয়েছে। ধান কেনার পর কৃষকের ব্যাংক হিসাবে টাকা দেওয়া হয়। কৃষক ব্যাংক হিসাব থেকে টাকা তোলেন।
যশোরের বাঘারপাড়া উপজেলার ধূপখালী গ্রামের কৃষক গোলাম খায়বার এবার সাড়ে তিন বিঘা (৫২ শতকের বিঘা) নিজের এবং সাড়ে তিন বিঘা বর্গা জমিতে আমন ধান চাষ করে ১০০ মণের মতো ধান পেয়েছেন। ৬০ মণ ধান তিনি ১ হাজার ১২০ থেকে শুরু করে ১ হাজার ৫২০ টাকা মণ দরে স্থানীয় বাজারে বিক্রি করছেন। গোলাম খায়বার বলেন, ‘সরকারি গুদামে ধান দিতে খুব ঝামেলা হয়। স্থানীয় বাজারে কোনো ঝামেলা নেই। দামও ভালো। এ জন্য গুদামে ধান বিক্রি করি না।’