রাজউকের অভিযানে হামলা, দুই আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে ‘মিলেনিয়াম সিটি’ আবাসন প্রকল্পে রাজউক উচ্ছেদ অভিযান চালাতে গেলে হামলা করে ভূমিদস্যুরা। গত ২২ জানুয়ারি দুপুরে উপজেলার ঘাটারচর এলাকায়
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে জলাশয় ও কৃষিজমি দখলমুক্ত করতে গিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুই আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আবাসন ব্যবসায়ী হলেন শতরূপা হাউজিংয়ের মালিক নুরুল আমিন (৫৩) ও মিলেনিয়াম সিটির পরিচালক তাজুল ইসলাম (৫২)।

রাজউক ও মামলার আরজি সূত্রে জানা যায়, ঢাকার কেরানীগঞ্জে শতরূপা হাউজিং ও মিলেনিয়াম সিটি নামে আবাসন প্রকল্প রাজউকের অনুমোদন ব্যতীত পরিচালিত হচ্ছিল। গত ২২ জানুয়ারি এসব আবাসন প্রকল্পের দখল থেকে জলাশয় ও কৃষিজমি উদ্ধারে রাজউক অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিলেনিয়াম সিটির পরিচালক তাজুল সরকার ও শতরূপা হাউজিংয়ের পরিচালক নুরুল আমিনের নির্দেশে ২০ থেকে ২৫ জন রাজউকের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের ওপর হামলা করে প্রাণনাশের হুমকি দেন।

হামলায় মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদক মাজহারুল মিলন, ক্যামেরা পারসন জহিরুল ইসলাম, রাজউকের এক্সকাভেটরচালক আবদুল খালেকসহ রাজউকের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ ছাড়া দুর্বৃত্তরা অভিযানে ব্যবহৃত সরকারি এক্সকাভেটরের কাচ ও ইঞ্জিন ভেঙে ফেলেন। পরে এ ঘটনায় রাজউক কর্তৃপক্ষ আদালতে পৃথক দুটি মামলা করে।