রাজশাহী-৫ আসনে (দুর্গাপুর ও পুঠিয়া) এক বিদ্রোহী প্রার্থীর সামনে তাঁর কয়েকজন সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম মণ্ডল। এ ছাড়া আসনটিতে দলটির দুজন বিদ্রোহী প্রার্থী আছেন। তাঁদের মধ্যে রেজাউল করিমের (হাঁস প্রতীক) সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে ভোটকেন্দ্রের সামনে গেলে নজরুল ইসলামের কয়েকজন সমর্থকের সঙ্গে রেজাউল করিমের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়।
বিদ্রোহী প্রার্থী রেজাউল করিমের দাবি, তিনি খবর পান, ওই কেন্দ্রে তাঁর সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। পরে ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁর সামনেই সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এরপর তিনি প্রশাসনকে ফোন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
রেজাউল করিম বলেন, দুর্গাপুরে উপজেলায় তাঁর সব এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির সমর্থকেরা এ কাজ করছেন। রাতেও তিনটি কেন্দ্রে তাঁরা এজেন্টের তালিকা জমা দিতে গিয়েছিলেন, সেখানে এসব কাগজপত্র নিয়ে ছিঁড়ে ফেলেন বিএনপির সমর্থকেরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব জোবায়েদ হোসেন বলেন, ফুটবলের সমর্থকেরা ভোটারদের টাকা দেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির সূত্র ধরে এ ঘটনা ঘটেছে।