কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম মো. মহিম (১৮)। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত মহিম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন মেহেদী হাসান (১৬) ও মহিমের ভাগিনা মো. নাঈম (১৯)। দুজনই বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ভাগ্যরকুল এলাকার বাসিন্দা।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে মো. মহিমসহ তিনজন মোটরসাইকেলে করে বান্দরবানের সুয়ালক থেকে ফিরছিলেন। বেলা সাড়ে তিনটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিম।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। তবে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।