সড়কে বৃষ্টির পানি জমে মানুষের ভোগান্তি

নগরের ৩৩টি ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণের কাজ চলছে। এই কাজে খোঁড়াখুঁড়ি করায় একটু বৃষ্টিতেই সড়ক কাদাপানিতে একাকার হয়ে আছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ নগরের ফিরোজ লাইব্রেরির মোড় এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা। গতকাল সকালে তোলা
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ নগরের বিভিন্ন ওয়ার্ডে আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণের কাজ চলছে। কাজ চলার কারণে ছোট ছোট অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপরন্তু সড়কগুলোর ওপর বালু ও মাটির স্তুপ ফেলে রাখায় বৃষ্টি হলেই পানি জমে থাকছে। এতে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরের আমলাপাড়, নওমহল, আকুয়া এলাকার বিভিন্ন সড়কে চলছে ড্রেন ও সড়ক নির্মাণের কাজ। সিটি করপোরেশনের এসব ড্রেন ও সড়ক নির্মাণের কাজ চলছে। তবে বৃষ্টির কারণে এসব কাজ চলছে ধীরগতিতে। এতে নগরের বিভিন্ন ওয়ার্ডে নির্মাণাধীন সড়কগুলোতে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

গতকাল বুধবার আকুয়া, নওমহল ও আমলাপাড়া এলাকা ঘুরে জানা যায়, আকুয়া জুবলি কোয়ার্টার থেকে চৌরঙ্গী মোড়, নওমহল এলাকার ছত্রিশবাড়ি কলোনি থেকে গরুখোয়ার মোড়, নওমহল কাজী অফিস থেকে গরুখোয়ার মোড় এবং আমলাপাড়া সড়ক ড্রেন নির্মাণের কাজ চলায় বন্ধ রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টির কারণে সড়কগুলোতে কাদাপানি জমে থাকায় স্থানীয় বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন।

স্থানীয় কয়েকজন বলেন, হাবুন ব্যাপারী মোড় থেকে ফিরোজ লাইব্রেরি মোড় পর্যন্ত সড়কটিতে ড্রেন ও সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে প্রায় এক বছর আগে। ড্রেন নির্মাণের কাজ এখন শেষের দিকে হলেও সড়কের কাজ বাকি রয়েছে। এ কারণে বৃষ্টির পানি জমে সড়কটি বেহাল।

গতকাল সকালে ফিরোজ লাইব্রেরির মোড় এলাকায় দেখা যায়, সড়কটি দিয়ে হাতে গোনা কিছু ব্যাটারিচালিত রিকশা আর মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলছে না। মোটরসাইকেল ও রিকশা সড়কের কাদাপানিতে আটকে পড়ছে। রবিউল হাসান নামের একজন মোটরসাইকেলচালক বলেন, সড়কটির কাজ শুরু হয়েছে অনেক দিন আগে। এখনো শেষ না হওয়ায় মানুষের ভোগান্তির সীমা নেই।

নগরের নওমহল এলাকার মানুষের ভাষ্য, নওমহল এলাকার তিনটি সড়কে একযোগে ড্রেন ও সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ হওয়া সড়কগুলো দিয়ে কোনো যানবাহন চলছে না মাটির স্তুপ ও কাদার কারণে।

সরেজমিনে দেখা যায়, নওমহল এলাকার কাজী অফিস থেকে গরুখোয়ার পর্যন্ত সড়কটিও উন্নয়ন কাজ চলায় বন্ধ রয়েছে। বৃষ্টিতে সড়কটিতে কাদাপানি জমে থাকায় মানুষ পায়ে হেঁটে চলতে স্বাছন্দ্যবোধ করছে না। ওই এলাকার বাসিন্দা মো. সেলিম বলেন, গত মার্চে এ সড়কটির কাজ শুরু হয়েছিল। এখন পর্যন্ত কাজ শেষ না হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

ময়মনসিংহ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ’ প্রকল্পের আওতায় নগরের ৩৩টি ওয়ার্ডেই এ ধরণের উন্নয়ন কাজ করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৭৫ কোটি টাকা। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে এসব কাজ শেষ হওয়ার কথা।

ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক বলেন, ‘দ্রুত কাজগুলো শেষ করতে চায় সিটি করপোরেশন। তবে কোথাও কোথাও বৃষ্টির কারণে কিছুটা ধীরগতি থাকতে পারে।’