ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে চার গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেছনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। তবে গাড়িতে থাকা যাত্রীরা রক্ষা পায় অল্পের জন্য। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায়
প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক দুর্ঘটনায় এক বছরের ব্যবধানে মৃত্যু বেড়েছে প্রায় চার গুণ। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যাও বেড়েছে। তবে একই সময়ে কমেছে দুর্ঘটনার সংখ্যা। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তথ্য বিশ্লেষণ করে সড়ক দুর্ঘটনার এ চিত্র দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস কোনো দুর্ঘটনার পর ঘটনাস্থলে নিহত ও আহতদের তথ্য সংরক্ষণ করে। হাসপাতালে নেওয়ার পর কেউ মারা গেলে সে হিসাব প্রতিষ্ঠানটি রাখে না। তবে হাসপাতাল থেকে লাশ বুঝে নিতে হাইওয়ে পুলিশের ছাড়পত্র নিতে হয়, যার কারণে হাইওয়ে পুলিশের কাছে সেই হিসাব থাকে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের পৃথক তথ্য মিলিয়ে দেখা গেছে, মহাসড়কের সীতাকুণ্ড অংশের ৩৮ কিলোমিটার এলাকায় ২০২২ সালের ২২ অক্টোবর থেকে গতকাল শনিবার পর্যন্ত এক বছরে সড়ক দুর্ঘটনা হয়েছে ১৯৮টি। এতে মৃত্যু হয়েছে ৬২ জনের, আহত হয়েছেন ২৩৩ জন।

এর আগের বছরে (২০২১ সালের ২২ অক্টোবর থেকে ২০২২ সালের ২১ অক্টোবর) ২২৪টি দুর্ঘটনা ঘটলেও মৃত্যু হয় ১৬ জনের, আহত হন ২০৪ জন। এক বছরের ব্যবধানে দুর্ঘটনা ২৬টি কমলেও মৃত্যু বেড়েছে ৪৬ জনের, আহতও বেড়েছে ২৯ জন।

হাইওয়ে পুলিশের দাবি, এক বছর ধরে তাঁরা সড়ক দুর্ঘটনায় হতাহত হলেই মামলা করেন। তবে আগে অনেক সময় সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদের মধ্যে মীমাংসা করে ফেলায় মামলা হতো না। যার কারণে তখন অনেক দুর্ঘটনা নথিভুক্ত করা যায়নি।

দুর্ঘটনা যে কারণে

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, ওভারটেকের প্রবণতা, মহাসড়কের ইউ টার্নে সতর্কবাতি না জ্বালিয়ে যানবাহন ঘোরানো, পার্শ্ব সড়ক থেকে হুট করে মহাসড়কে গাড়ি উঠে যাওয়া, উল্টো পথে যানবাহন চালানো, অবৈধ অটোরিকশা চলাচল, চোখে ঘুম নিয়ে যানবাহন চালানো, যত্রতত্র যাত্রী উঠানামা করা, মুঠোফোনে চালকের কথা বলা, সড়কের পাশে বিদ্যুতের খুঁটি জমিয়ে রাখার কারণেই মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনা ঘটছে।

মামলার তথ্য অনুযায়ী সীতাকুণ্ড অংশের দুর্ঘটনার ৯৫ শতাংশ হয়েছে ১৫টি স্পটে। দুর্ঘটনা প্রবণ এসব স্পটের মধ্যে রয়েছে—বড় দারোগাহাট, টেরিয়াইল বাজার, ছোট দারোগারহাট বাজার, পন্থিছিলা, সীতাকুণ্ড উত্তর বাইপাস, উপজেলা হাসপাতাল গেট, বাড়বকুণ্ড বাজার, চারালকান্দি ইউ টার্ন, জিপিএইচ ইস্পাত গেট, জোড়আমতল বাজার, ছোট কুমিরা বাজার, রয়েল গেট, মাদামবিবিরহাট, ভাটিয়ারী ও ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের মুখ।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, উপজেলার বাড়বকুণ্ডের শুকলালহাট থেকে সিটি গেট পর্যন্ত ২৫ কিলোমিটার মহাসড়ক বারআউলিয়া হাইওয়ে থানার অধীনে। এ এলাকাতেই পার্শ্ব সড়ক রয়েছে ১৩৯টি। অনেক শিল্প কারাখানার ভারী যানবাহন এসব পার্শ্ব সড়ক থেকে হঠাৎ প্রচণ্ড গতিতে মহাসড়কে উঠে। এ সময়ে অনেক দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, মহাসড়কের সীতাকুণ্ড অংশে ঝুঁকিপূর্ণ বাঁক নেই। কেবল সচেতনতার অভাবে বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে। যাত্রী, মালিক, শ্রমিক, পথচারী সবাই সচেতন না হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব না।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে প্রায় ৭০ শতাংশ যানবাহন চলাচল করছে অদক্ষ চালক দিয়ে। হালকা যানবাহন চালানোর লাইসেন্স করে ভারী যানবাহন চালাচ্ছেন চালকেরা। ভারী যানবাহনের লাইসেন্স পেতে সমস্যার কথা বলছেন তাঁরা। অনেকে আবার লার্নার লাইসেন্স নিয়ে মহাসড়কে যানবাহন চালায়। চালকদের অনিয়ম নিয়ে ব্যবস্থা নিতে গেলে যানবাহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের চাপে তা সম্ভব হয় না বলে দাবি পুলিশ কর্মকর্তাদের।

সরেজমিনে যা দেখা গেল

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় গতকাল শনিবার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, নিষেধাজ্ঞা থাকলেও আধা ঘণ্টা সময়ের ব্যবধানে কেবল ঢাকামুখী লেনেই চলাচল করেছে ৬০টি সিএনজিচালিত অটোরিকশা। ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন চলেছে অন্তত ৪০টি। একটির সঙ্গে অন্যটির ওভারটেকের প্রতিযোগিতা দেখা গেছে আটটি যানবাহনে।

দুপুর দুইটার দিকে চট্টগ্রামমুখী লেনে গিয়ে দেখা যায়, পেছনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে একটি ব্যক্তিগত গাড়ির। এতে গাড়ির ক্ষতি হলেও কেউ হতাহত হননি।  

সড়কে অবৈধভাবে তিন চাকার যানবাহন চলাচলের বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আমির উদ্দিন প্রথম আলোকে বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত মামলা দেওয়া হচ্ছে, তবু চলাচল বন্ধ করা যাচ্ছে না। সিএনজিচালিত অটোরিকশা বন্ধ করতে গেলে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন বলেও দাবি তাঁর।

দ্রুত মিলছে দুর্ঘটনার তথ্য

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর কারণে আগের তুলনায় দ্রুত দুর্ঘটনার তথ্য মিলছে বলে দাবি ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তাঁদের কাছে দুর্ঘটনার প্রায় ৭৫ শতাংশ খবরই আসে ৯৯৯-এর মাধ্যমে। অন্যদিকে ৮০ ভাগ দুর্ঘটনার তথ্যই জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে পান বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষ ফায়ার সার্ভিসের নম্বর না জানলেও জরুরি সেবা নম্বর জানেন। তাঁরা সেখানে ফোন করেন। এর মাধ্যমে দ্রুত খবর পাওয়ায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা যায়। আহত ব্যক্তিদেরও দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বেশির ভাগ মানুষ অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেওয়া গেলে মৃত্যুর শঙ্কা কমে।’