নারায়ণগঞ্জে মহাসড়কে নেই পুলিশি তৎপরতা, যান চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার এই স্থানে দুই দিন চেকপোস্ট বসিয়ে বাসে ও যাত্রীদের তল্লাশি করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। আজ রোববার সেখানে কোনো চেকপোস্ট দেখা যায়নি
ছবি: প্রথম আলো

বিএনপির ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের কারণে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে কয়েক দিন চেকপোস্টে ছিল কঠোর পুলিশি তৎপরতা। গণসমাবেশের পর শনিবার রাত থেকে নেই পুলিশি তৎপরতা। বেশ কিছু চেকপোস্ট সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচলও রয়েছে স্বাভাবিক।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ঢাকায় প্রবেশপথের নিরাপত্তা নিশ্চিতের জন্য চেকপোস্ট বসানো হয়েছিল। এখন তা তুলে নেওয়া হয়েছে। আবার যদি প্রয়োজন হয়, চেকপোস্ট বসানো হবে।

ঠিকানা পরিবহনের বাসচালক নূরে আলম বলেন, আজ কোথাও পুলিশের চেকপোস্ট নেই। তাঁদের গাড়িও তল্লাশি করছে না। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন পুলিশ চেকপোস্টে গাড়ি তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছিল। গতকাল শনিবার বাসমালিকেরা বাস চলাচল বন্ধও রেখেছিলেন।

আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল ও চাষাঢ়া এলাকা ঘুরে কোথাও পুলিশের চেকপোস্ট দেখা যায়নি। এসব পয়েন্টে বাড়তি পুলিশি তৎপরতাও চোখে পড়েনি। অথচ গত শুক্রবার এই পয়েন্টগুলোতে চেকপোস্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। সাইনবোর্ড এলাকায় বিপুলসংখ্যক র‌্যাব সদস্যও দেখা গেছে। চেকপোস্টগুলোতে পুলিশ সদস্যরা রাজধানীতে যানবাহন ঢুকতে বাধা দেন। এমনকি ছোট গাড়ি ঢুকতে দেননি। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

যাত্রাবাড়ী-শিমরাইল রুটে চলাচলকারী লেগুনার চালক আমজাদ হোসেন বলেন, চেকপোস্টে পুলিশ আগের দিন ঢাকায় ঢুকতে বাধা দিলেও আজ কোথাও আটকায়নি। তাই প্রচুর গাড়ি চলাচল করছে।

হাইওয়ে শিমরাইল পুলিশের পরিদর্শক শরফুদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার রাত থেকে চেকপোস্ট তুলে নেওয়া হয়েছে। আজ চেকপোস্টে কোনো গাড়ি তল্লাশি করা হচ্ছে না।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণে চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হয়েছিল। চেকপোস্ট সরিয়ে নেওয়া হয়েছে, নিয়মিত চেকপোস্টগুলো থাকবে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।