লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কারের ধাক্কায় পথচারী নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লেদু মিয়া (৪৫)। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার হিরা গাজী বাড়ির সফিক উল্যার ছেলে। আহত দুজন হলেন একই এলাকার হোসেন বয়াতি ও মেসির আহমেদ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজরের নামাজ শেষে লেদু মিয়াসহ কয়েকজন হাঁটতে বের হয়েছিলেন। এ সময় প্রশিক্ষণ কার পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে হোসেন বয়াতি ও মেসির আহমেদ রাস্তার পাশে পড়ে যান। প্রশিক্ষণ গাড়ির ধাক্কায় লেদু মিয়া পাশের জঙ্গলে গিয়ে পড়েন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সময় পাশেই ছিলেন লেদু মিয়ার ছেলে ইসমাইল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি প্রথমে মনে করেছি, অন্য কেউ। পরে দেখি, আমার বাবা। বাবাকে মেরে গাড়িটাও চলে গেছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই লেদু মিয়ার মৃত্যু হয়। প্রশিক্ষণ কারটি আটকের চেষ্টা চলছে।