বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর তিনটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর

ভাঙচুরের শিকার নির্বাচনী কার্যালয়। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরেছবি: প্রথম আলো

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলামের (ফিরোজ) তিনটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর, বৈশাখী তেলপাম্প ও শহরের হেলাই গ্রামে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় একদল যুবক মোটরসাইকেলে করে এসে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এসব কার্যালয়ে হামলা চালান। এ সময় হামলাকারী ব্যক্তিরা তিনটি মোটসাইকেল, বেশ কিছু চেয়ার ও টেবিলের কাচ ভাঙচুর করেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এ সময় সেখানে বোমাসদৃশ একটি কৌটা পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফারুকসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফারুক সাংবাদিকদের বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন।

এই আসনে ধানের শীষের প্রার্থী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া মুহাম্মদ রাশেদ খান।