বাঁধের ওপর দেয়াল তুলে জোয়ার ঠেকানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রার মদিনাবাদ এলাকার কপোতাক্ষ নদে নিচু বেড়িবাঁধে দেয়াল তুলে জোয়ার ঠেকানোর চেষ্টা
ছবি: প্রথম আলো

খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ওপর মাটির দেয়াল তুলে জোয়ারের পানি ঠেকানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন নিচু বাঁধগুলোয় মেরামতকাজ না হওয়ায় সাময়িকভাবে এ ব্যবস্থা নিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।

কপোতাক্ষ, শাকবাড়িয়া ও কয়রা—এই তিন নদীবেষ্টিত কয়রা উপজেলায় প্রায় ১৩০ কিলোমিটার বেড়িবাঁধ আছে। গত দুই দশকে এই তিন নদীর তলদেশ ভরাট হতে হতে মৃতপ্রায় অবস্থা। বিভিন্ন স্থানে জেগে উঠেছে বিশাল আকারের চর। ফলে গ্রীষ্ম ও বর্ষাকালে এসব নদী জোয়ারের চাপ সামলাতে না পেরে বাঁধগুলো উপচে লোনাপানি প্রবেশ করছে লোকালয়ে। ষাটের দশকের নির্মিত এসব বাঁধের উচ্চতা বর্তমানে কাজে আসছে না।

স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পাউবো যথাযথভাবে দায়িত্ব পালন না করায় বেশির ভাগ বেড়িবাঁধ বড় জোয়ারের পানি সামলাতে পারছে না। দীর্ঘদিন এসব বাঁধের উচ্চতা বাড়ানো হয়নি। প্রতিবছর নিচু বাঁধ ছাপিয়ে লোকালয় প্লাবিত হয়ে পড়ে। এতে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। যে কারণে তাঁরা বেড়িবাঁধের রাস্তার ওপর মাটির দেয়াল তুলে সাময়িকভাবে নদীর জোয়ারের পানি ঠেকানোর ব্যবস্থা করেছেন।

সরেজমিনে শাকবাড়িয়া নদীবেষ্টিত কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানি এলাকায় দেখা যায়, নয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বানিয়াখালী খেয়াঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার বাঁধের পিচ ঢালাই সড়কের ওপর মাটির দেয়াল দিয়ে উঁচু করা হয়েছে। একই অবস্থা কয়রা সদর ইউনিয়নের মদিনাবাদ লঞ্চঘাটসংলগ্ন কপোতাক্ষ নদের বেড়িবাঁধের ওপর। এ ছাড়া উপজেলার ৪ নম্বর কয়রা, ৬ নম্বর কয়রা, পাথরখালী, জোড়শিং এলাকাসহ প্রায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধজুড়ে মাটির দেয়াল তুলে জোয়ার ঠেকানোর চেষ্টা করা হয়েছে।

দ্রুত নিচু বাঁধগুলো উঁচু না করলে যেকোনো মুহূর্তে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।
নিরঞ্জন মণ্ডল, মদিনাবাদ গ্রামের বাসিন্দা

কয়রা সদর ইউনিয়নের ৬ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা অরবিন্দ কুমার বলেন, নদীর তলা যত উঁচু হচ্ছে, জোয়ারের পানির উচ্চতাও তত বাড়ছে। এতে প্রতিবছর বাঁধ ছাপিয়ে লোনাপানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। এ কারণে নিচু বেড়িবাঁধের এক পাশে মাটির দেয়াল দিয়ে জোয়ারের পানি ঠেকানোর চেষ্টা করা হয়েছে।

কপোতাক্ষ তীরের মদিনাবাদ গ্রামের নিরঞ্জন মণ্ডল বলেন, আগে ভরা জোয়ারে বাঁধের অর্ধেক পর্যন্ত পানি থাকত। এখন বাঁধ কানায় কানায় পূর্ণ হয়। বাঁধ ছাপিয়ে লোকালয় লোনাপানিতে প্লাবিত হওয়ার শঙ্কায় দুই মাস আগে মদিনাবাদ লঞ্চঘাটসংলগ্ন কপোতাক্ষ নদের বাঁধের ওপর মাটির দেয়াল দেওয়া হয়েছে। দ্রুত নিচু বাঁধগুলো উঁচু না করলে যেকোনো মুহূর্তে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।

কয়রার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি বলেন, প্রতিবছর গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নদীতে জোয়ার বেশি থাকে। এ ছাড়া নানা দুর্যোগে স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীতে চার থেকে পাঁচ ফুট পানি বৃদ্ধি পায়। কয়রার বাঁধগুলো নদীর জোয়ারের পানির ধারণক্ষমতা হারিয়ে ফেলেছে। ষাটের দশকের নির্মিত এসব বাঁধের উচ্চতা বর্তমানে কাজে আসছে না। ফলে প্রতিবছর বাঁধ ছাপিয়ে অথবা ভেঙে লোনাপানিতে প্লাবিত হয়ে পড়ছে এলাকা। বারবার পাউবোর দ্বারস্থ হলেও তারা পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের সহায় সম্পদ রক্ষার্থে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাঁধের ওপর মাটির দেয়াল দিয়ে উঁচু করা হয়েছে।

নদীর তলদেশ পলি জমে ভরাট হওয়ায় গোটা দক্ষিণাঞ্চলে এর প্রভাব পড়তে শুরু করেছে। জোয়ারের পানি সামান্য বাড়লেই তা লোকালয় ও ফসলি জমিতে ঢুকে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করছে।
অধ্যাপক কুদরতে কিবরিয়া, খুলনা বিভাগ

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, নব্বই দশকের শুরুতে আস্তে আস্তে পলি জমে কয়রার তিন নদ-নদীর মোহনা ভরাট হতে শুরু করে। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর এর তীব্রতা বাড়ে এবং কয়েক বছরের মধ্যেই নদীগুলোর তলদেশ ভরাট হতে হতে বিপজ্জনক হয়ে পড়েছে। জোয়ারের পানির চাপে সক্ষমতা হারাচ্ছে নদীপাড়ের বাঁধগুলো। বেড়িবাঁধের উচ্চতা বাড়াতে না পারলে উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি ক্ষতি বাড়তেই থাকবে। কয়রার বাঁধগুলোর উচ্চতা আরও অন্তত ১০ ফুট বাড়ানো উচিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ অনুষদের অধ্যাপক কুদরতে কিবরিয়া বলেন, নদীর তলদেশ পলি জমে ভরাট হওয়ায় গোটা দক্ষিণাঞ্চলে এর প্রভাব পড়তে শুরু করেছে। জোয়ারের পানি সামান্য বাড়লেই তা লোকালয় ও ফসলি জমিতে ঢুকে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে অস্বাভাবিক হারে বাড়ছে লবণাক্ততা। আগে জোয়ারের কারণে প্লাবন ও জলাবদ্ধতা দেখা দিলেও ভাটায় তা নেমে যেত, সেটাই ছিল স্বাভাবিক। এখন এই স্বাভাবিক অবস্থা নেই। চর পড়ে নাব্যতা হ্রাসের কারণে নদ-নদীগুলো পানি ধরে রাখতে পারছে না। এতে বেশি উচ্চতার জোয়ার এখন উপকূলের মানুষের জীবনে নতুন দুর্যোগ বয়ে এনেছে।

তিন দিকে নদ–নদীবেষ্টিত কয়রা উপজেলার মূল সমস্যা নদীভাঙন। যেকোনো দুর্যোগে নদীতে জোয়ারের চাপ বাড়লে কোথাও না কোথাও ভাঙন ধরে কিংবা বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। এর স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।
মো. আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী, খুলনা

নদী ভরাট ও বাঁধ উপচানোর ব্যাপারে জানতে চাইলে পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, তিন দিকে নদ–নদীবেষ্টিত কয়রা উপজেলার মূল সমস্যা নদীভাঙন। যেকোনো দুর্যোগে নদীতে জোয়ারের চাপ বাড়লে কোথাও না কোথাও ভাঙন ধরে কিংবা বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। এর স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। আপাতত কয়রার উত্তর ও দক্ষিণ বেদকাশী এলাকার বাঁধ উঁচু ও মজবুত করতে একটি মেগা প্রকল্প শুরু হয়েছে। এটি শেষ হলে ওই এলাকায় ঝুঁকি কমবে। এ ছাড়া কয়রার নদী–তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। কিছু এলাকায় জরুরি ভিত্তিতে সংস্কারের কাজও শুরু হয়েছে। বাকি কাজও দ্রুত শুরু হবে। এ ছাড়া নদীগুলোর পলি অপসারণ করে নদীর স্বাভাবিক প্রবাহ সচল রাখার পরিকল্পনা তাদের আছে।