মানিকগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ১৫ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাই
প্রতীকী ছবি

মানিকগঞ্জ পৌর এলাকায় সোহরাব হোসেন নামের এক ব্যবসায়ীকে মারধর করে তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।

ছিনতাইয়ের সঙ্গে জড়িত মানিকগঞ্জ পৌর এলাকার বড় সরুন্ডী গ্রামের মো. জিসান (২৩) ও একই গ্রামের মো. রবিউল ইসলাম (২৫) নামের দুই তরুণকে চিনতে পেরেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সোহরাব হোসেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, মানিকগঞ্জ-সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়কের পাশে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় অবস্থিত মিলনস্ ফিলিং স্টেশনের মালিক মো. সোহরাব হোসেন। ফিলিং স্টেশনের পেট্রল ও ডিজেল বিক্রির টাকা তিনি উত্তরা ব্যাংকের সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বারইল শাখায় জমা করেন। প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে জ্বালানি তেল বিক্রির ১৫ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে ‍উত্তরা ব্যাংকের বারইল শাখায় যাওয়ার উদ্দেশে রওনা হন। বেলা পৌনে ১১টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দি এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা সোহরাবের মোটরসাইকেলের গতি রোধ করেন। এ সময় জিসান, রবিউলসহ পাঁচ থেকে ছয়জন সোহরাবকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে ১৫ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে জেলা শহরের দিকে চলে যান ছিনতাইকারীরা। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তিনি বিষয়টি সবাইকে জানান। তিনি জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িত জিসান ও রবিউলকে তিনি চিনেছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও লুট হওয়া টাকা উদ্ধারের দাবি জানান তিনি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।