মেহেরপুরে শিশু মাহিন হত্যা মামলায় এক যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলার সময় ব্যাটের আঘাতে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের শিশু মাহিন হোসেন (১৩) হত্যা মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম হাজ্জাজ বিন মানিক (২৮)। তিনি মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় হাজ্জাজ বিন মানিক আদালতে উপস্থিত ছিলেন। এদিকে এই মামলার আরেক আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌসুঁলি (এপিপি) কাজী শহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে খোকসা গ্রামে কয়েকজন কিশোর, তরুণ ও যুবক ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে মাহিনের হাতে থাকা ব্যাটের মাধ্যমে মানিক আঘাত পায়। মানিক তখন ক্ষিপ্ত হয়ে মাহিনের ব্যাট কেড়ে নিয়ে সেটা দিয়ে মাহিনের মাথায় আঘাত করেন। এতে মাহিন গুরুতর আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসার সময় মাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।

এ ঘটনার পর নিহত শিশুর মামা মাহবুব হোসেন মেহেরপুর থানায় হাজ্জাজ বিন মানিককে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করে বাদীপক্ষ দাবি করে, এ হত্যাকাণ্ডে মানিকের মা হীরাজান জড়িত। বাদীর দাবির পরিপ্রেক্ষিতে পরে এ মামলায় হীরাজানকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে হীরাজানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আজ তাঁকে বেকসুর খালাস দেন।