সীতাকুণ্ডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতে গিয়ে আহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীমা অক্সিজেন কারখানায় কলাম বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করতে গিয়ে দুই বিদ্যুৎকর্মী খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। কর্মকর্তারা বলেন, চার্জিং ভোল্টেজের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন কাঁপতে শুরু করলে ভয়ে তাঁরা হাত ছেড়ে দেন। এতে তাঁরা খুঁটি থেকে নিচে পড়ে আহত হন।
আহত বিদ্যুৎকর্মীরা হলেন মোহাম্মদ রিয়াদ (২২) ও মোহাম্মদ রাকিব (২১)। তাঁরা ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের অধীনে থাকা এলাকায় এক ঠিকাদারের অধীনে কাজ করেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনাকবলিত কারখানায় যাওয়ার সড়কের পাশে খুঁটিতে তাঁরা কাজ করছিলেন। পরে আহত অবস্থায় তাঁদের অন্য কর্মীরা উদ্ধার করে ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতালের ভর্তি করেন।
শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সমীর কুমার হোড় প্রথম আলোকে বলেন, তাঁরা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানাটির ভেতরে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ সড়কে গোলযোগের শব্দ শুনতে পেয়ে বের হয়ে দেখেন বিদ্যুতের খুঁটি থেকে দুই কর্মী নিচে পড়ে আছেন। বিএসবিএ হাসপাতাল সূত্রে জানা গেছে, রাকিব ও রিয়াদ দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা গুরুতর নয়।
ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ কাওছার মাছুম বলেন, তাঁরা বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালনে লাইন মেরামতের সময় গ্রাউন্ডিং লাইন যুক্ত করে কাজ করেন। যাতে যেকোনো কারণে বিদ্যুতায়িত হতে না পারে। মেরামত শেষে গ্রাউন্ডিং লাইন খুলে ফেলেন। রাকিবুল-রিয়াদ খুঁটির ওপরে থাকা অবস্থায় নিচে থাকা কেউ একজন গ্রাউন্ডিং লাইন খুলে ফেলে। ফলে চার্জিং ভোল্টেজের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন কাঁপতে শুরু করলে, ভয়ে তারা হাত ছেড়ে দেন। এতে খুঁটি থেকে নিচে পড়ে আহত হন।