ময়মনসিংহে মধ্যরাতে হাতেনাতে চাঁদাবাজ ধরলেন প্রশাসক
ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ এলাকায় গভীর রাতে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পাটগুদাম ব্রিজ মোড়ে পরিবহন থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসক। সেখানে একটি ট্রাকসহ কয়েকটি যানবাহন থেকে টাকা আদায়ের সময় দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নগরের কৃষ্টপুর আবাসন এলাকার শহীদুল ইসলাম (৫১) ও মো. হালিম (৫৫)। আটক ব্যক্তিদের কাছে গভীর রাতে টাকা আদায়ের কারণ জানতে চান প্রশাসক। তবে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, পাটগুদাম বাসস্ট্যান্ডে সিটি করপোরেশন ইজারা দিয়েছে। নিয়ম অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাসস্ট্যান্ড ব্যবহারকারী যানবাহন থেকে টোল আদায় করা যাবে। এর বাইরে টোলের নামে কোনো অর্থ আদায় করা যাবে না। নগরীতে কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম বা জনভোগান্তি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
নিয়ম অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাসস্ট্যান্ড ব্যবহারকারী যানবাহন থেকে টোল আদায় করা যাবে। এর বাইরে টোলের নামে কোনো অর্থ আদায় করা যাবে না।
এদিকে ওই রাতে একজন ট্রাকচালকের কাছ থেকে টাকা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ট্রাকচালকের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাঁকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়। মূলত ভিডিও ছড়ানোর পর অভিযানে যান সিটি প্রশাসক।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম আজ বিকেল পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন বলেন, এ ঘটনায় সিদ্দিকুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুজন আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।