সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় রাজবাড়ী বিএনপির ১৭ নেতা–কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রাজবাড়ীতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৭ নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন জেলার একটি আদালত। রোববার বিকেলে তাঁদের রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে হাজির করা হলে এ আদেশ দেন তিনি।

গতকাল শনিবার সকালে রাজবাড়ী শহরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৭ জনকে আটক করে পুলিশ। এরপর সরকারি কাজে বাধা দেওয়া, মারধর, ক্ষতিসাধন ও রাস্তা আটকে জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে শনিবার রাতে মামলা করেন রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন। এতে বিএনপির ৪১ নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।

কারাগারে পাঠানো ১৭ জন হলেন সদর উপজেলার বিনোদপুরের ফারজানা ইয়াসমিন ওরফে ডেইজী (৪০), গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের নুরুল ইসলাম (৩০), বালিয়াকান্দি উপজেলার কামারদাহ চরদক্ষিণবাড়ি গ্রামের মনিরুল শেখ (২২), মজরপুর গ্রামের আলামিন হোসাইন (২০), বহরপুর গ্রামের মারুফ হোসাইন (১৯), একই গ্রামের জাকির হোসেন (২২), ঘিকমলা গ্রামের রাসেল শেখ (৩৪), কালুখালী উপজেলার নাড়িবাড়ী গ্রামের শহিদ বিশ্বাস (৩২), একই গ্রামের রবিউল শেখ (২৯), সদর উপজেলার মধুরদিয়া গ্রামের ফরহাদ সরদার (৪৮), রামকান্তপুর গ্রামের পাঠানপাড়া এলাকার মান্নান মোল্লা (৩৯), রামকান্তপুর চরপাড়া গ্রামের আনিস মণ্ডল (৩০), বিসিক নতুনপাড়ার জিয়া সরদার (৩০), পাঁকুরিয়া গ্রামের মজিদ মোল্লা (৭০), চরনারায়ণপুর গ্রামের আমিনুল ইসলাম (২৮), রামকান্তপুর গ্রামের চরপাড়া এলাকার মোতাহার মোল্লা (৪০) ও গোয়ালন্দ উপজেলার শাহাদত মেম্বার পাড়ার ইদ্রিস শেখ (৪৬)। তাঁদের মধ্যে ফারজানা ইয়াসমিন ওরফে ডেইজী রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিল ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নুরুল ইসলাম জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

আরও পড়ুন

আদালত সূত্রে জানা যায়, ১৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ উপলক্ষে কর্মীরা বড়পুল থেকে রেলগেট যাচ্ছিলেন। পথে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে আগে থেকে ওত পেতে থাকা বিএনপির কর্মীরা তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন। এ সময় পুলিশ আওয়ামী লীগের কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

তখন বিএনপির কর্মীরা রাস্তা আটকে জনসাধারণের চলাচল ব্যাহত ও তিন–চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাঁদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হলে আসামিরা উত্তেজিত হয়ে পুলিশের কাজে বাধা দেন।

এ সময় তাঁরা বাঁশের লাঠি দিয়ে পুলিশের ওপর আক্রমণ ও ইটপাটখেল নিক্ষেপ করেন। লাঠির আঘাতে বাদীসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল আহত হন। এ ছাড়া ইটপাটকেলে ওসির গাড়ির গ্লাস ফেটে যায়। এ সময় জানমাল রক্ষায় পুলিশ ফাঁকা রাবার বুলেট ছোড়ে।

মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই হুমায়ন রেজা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামিদের দুপুরে রাজবাড়ী আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ ওরফে খৈয়ম প্রথম আলোকে বলেন, ‘নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলাম। তখন আমাদের ওপর হামলা চালানো হয়েছে। প্রথমে ছাত্রলীগ-যুবলীগ ও পরে পুলিশ অতর্কিত হামলা চালায় ও নেতা–কর্মীদের মারধর করে। এরপর ১৭ জনকে আটক করে থানায় নিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আগামীকাল (সোমবার) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’