পাহাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল বন্য শূকরের একটি দল। সঙ্গে কয়েকটি শাবকও ছিল। তবে সুযোগ বুঝে একটি শাবককে শিকারের চেষ্টা করে একটি অজগর (বার্মিজ প্রজাতির পাইথন)। তবে বিষয়টি টের পেয়ে দলবল নিয়ে অজগরকে হামলা করে ১০ থেকে ১২ সদস্যের একটি শূকরের দল।
আজ শনিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে ওই অজগরটিকে বিশ্ববিদ্যালয়ের ‘সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস’ (থ্রিএসএ) নামে একটি সংগঠন উদ্ধার করে। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে গহিন পাহাড়ে অবমুক্ত করা হয়। অজগরটি প্রায় ১০ ফুট লম্বা। এর ওজন ১২ থেকে ১৫ কেজি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন প্রথম আলোকে বলেন, ‘আমার বাসার পেছনেই অজগরটিকে পাওয়া গেছে। বাসার লোকজন আমাকে জানালে আমি নিরাপত্তাপ্রহরীদের নিয়ে সেখানে যাই। একই সঙ্গে সাপ উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া হয়। জায়গাটিতে প্রায়ই খাবারের খোঁজে ১৫ থেকে ২০টি বন্য শূকর একসঙ্গে নেমে আসে। আজও সম্ভবত খাবারের সন্ধানেই তারা সেখানে এসেছিল। পরে শাবককে উদ্ধারে অজগরের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।’
সাপ উদ্ধারকারী দলের সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘বন্য শূকরের হামলায় সাপটি আহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিরাপত্তাপ্রহরীদের সহায়তায় সাপটিকে উদ্ধার করি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে গহিন পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।’