ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবিতে বরিশালে সমাবেশ
ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা, বোনাস প্রদানসহ নয় দফা দাবিতে বরিশালে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) বরিশাল জেলা শাখা।
সমাবেশ থেকে ঈদে শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য পর্যাপ্ত লঞ্চ, বাস, রেলসহ অন্যান্য যানবাহন বৃদ্ধি, যাত্রীদের নিরাপত্তা প্রদান এবং এসব যানের ভাড়া কমানোর দাবি জানান সংগঠনটির নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তারা এক মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস পান। কিন্তু শ্রমিকদের একই হারে বোনাস দেওয়া হয় না। অনেক শ্রমিক বোনাসই পান না। আবার যাঁদের সামান্য বোনাস দেওয়া হয়, তা নিয়েও টালবাহানা হয়। এ জন্য ঈদের আগে শ্রমিকদের ঈদ বোনাস ও সব বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমিকদের বেতন-ভাতা বাড়েনি, অথচ বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রা আরও মানবেতর হয়ে পড়েছে। অথচ সব পেশার চাকরিজীবীদের বেতন-ভাতা বেড়েছে, কিন্তু শ্রমিকদের বেতন-ভাতা বাড়েনি। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। দুর্ভোগ লাঘব করতে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো প্রয়োজন। মানুষের দুর্ভোগ লাঘবে নিত্যপণ্যের মূল্য কমানোর উদ্যোগ নেওয়ারও দাবি জানান বক্তারা।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির সভাপতি এ কে আজাদ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক নেতা অধ্যক্ষ মিজানুর রহমান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জোসনা বেগম প্রমুখ।