মহেশপুর সীমান্তে সাড়ে চার কেজির ৪০টি সোনার বারসহ এক ব্যক্তি আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে সীমান্তের মাটিলা গ্রাম থেকে মো. শওকত আলী (৫৫) নামের ওই ব্যক্তিকে আটকের পর কোমরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।
খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) শাহীন আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক শওকত আলী মহেশপুরের মাটিলা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাটিলা গ্রামের জোড়া পুকুরের পাড়ে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন শওকত আলী। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করে। পালানোর কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, তাঁর কাছে শুল্ক ফাঁকি দিয়ে আনা সোনার বার রয়েছে। এ সময় তার কোমরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬৫৫ গ্রাম। জব্দ করার সোনার মূল্য প্রায় ৩ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।