ভারী বৃষ্টিতে বগুড়া শহরে পানি জমে মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বৃষ্টিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে পানি জমে আছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে
ছবি: প্রথম আলো

টানা বৃষ্টিতে বগুড়া শহরের সড়ক, স্কুল-কলেজ ও খেলার মাঠ পানিতে তলিয়ে গেছে। নালার নোংরা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। গণপরিবহনসংকটে ভোগান্তিতে পড়েছে শহরবাসী।

গতকাল সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যায় ভারী বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত শহরের অনেক এলাকায় পানি জমে আছে।

বগুড়ার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ৬টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৩ মিলমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।

গতকাল রাত ১০টায় টানা বর্ষণে হাঁটুসমান পানিতে তলিয়ে যায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথাকেন্দ্রিক সড়কগুলো। সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক, শেরপুর সড়ক, স্টেশন সড়ক, সার্কিট হাউজ সড়ক, পার্ক রোড, গালাপট্রি সড়ক, টেম্পস সড়ক ছাড়াও কাঠালতলা ফতেহ আলী বাজার সড়ক, নওয়াববাড়ি সড়ক, চকযাদু ক্রস লেন-বাদুরতলা সড়ক, বড়গোলা, কাটনারপাড়া সড়কে ছিল হাঁটুপানি।

রাত সাড়ে ১০টায় সবচেয়ে নাজুক অবস্থা ছিল শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত জলেশ্বরীতলার শহীদ আবদুল জব্বার সড়ক, রোমেনা আফাজ সড়ক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়ক, নূর মসজিদ সড়ক, পৌরসভা লেন, আলতাফুন্নেছা খেলার মাঠ, ঘোড়াপট্রি মোড় সড়ক। জলমগ্ন এসব সড়কে ছিল হাঁটুপানির প্রবল স্রোত। এসব সড়কের দুই পাশের নালার ময়লা-আবর্জনায় ভরা নোংরা পানি উপচে পড়ে সড়কে। সড়ক ছাপিয়ে সেই পানির ঢল ঢুকে পড়ে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানেও।

রাত সাড়ে ১০টায় শহরের কালীবাড়ি মন্দির মোড়ে শহীদ আবদুল জব্বার সড়কের একটি শপিং সেন্টারের সামনে রিকশার জন্য বৃষ্টিতে কাঁকভেজা হয়ে দাঁড়িয়েছিলেন বিক্রয়কর্মী সালমা, তানিশা ও রাকিব হাসান। তাঁরা বলেন, ‘আধা ঘণ্টা ধরে রিকশার জন্য দাঁড়িয়ে আছি, রাস্তা জলমগ্ন হওয়ায় কেউ সবুজবাগ এলাকায় যেতে রাজি হচ্ছেন না।’

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। পানিতে থই থই বগুড়া শহরের সবুজবাগ কৃষি ফার্ম এলাকা। বেলা সাড়ে ১১টা দিকে তোলা
ছবি: প্রথম আলো

এদিকে টানা বর্ষণে আজ দুপুর পর্যন্ত সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন ক্যাম্পাস হাঁটুপানিতে তলিয়ে আছে। কলেজের বাণিজ্য অনুষদের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, ‘শহরের জহুরুলনগরে মেস থেকে বের হতেই সড়কে হাঁটুপানি। সেই পানি মাড়িয়ে কোনো রকমে কলেজে পৌঁছাই। বৃষ্টির পানিতে ভাসছে কলেজ ক্যাম্পাস। মাঠে হাঁটুপানি। ঘরে–বাইরে সবখানে বৃষ্টির পানিতে সয়লাব।’

এদিকে টানা বৃষ্টিতে আজ সকাল থেকে শহরের রাস্তাঘাট, মার্কেট, বিপণিবিতান—সবখানেই মানুষের আনাগোনা কম ছিল। তবে দুপুরের দিকে বৃষ্টি কমলে জনজীবন কিছুটা স্বাভাবিক হয়।

দুই দশক ধরেই শহরে জলজট
বগুড়া শহরে বৃষ্টির পানি জমে দুর্ভোগের চিত্র দীর্ঘদিনের। শহরের অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, বনানী থেকে মাটিডালি পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে পানিনিষ্কাশনের নালা অত্যন্ত সরু। এই নালা সারা বছর ময়লা-আবর্জনায় ভরে থাকে। সামান্য বৃষ্টিতেই নালার পানি উপচে সড়কে উঠে আসে। আর শহরের অন্য সড়কে পানিনিষ্কাশনের পর্যাপ্ত নালা নেই। এ ছাড়া করতোয়া নদীর দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শহর থেকে পানি বের হতে পারছে না। বর্ষায় জলজটের সবচেয়ে করুণ চিত্র থাকে শহরজুড়ে।

বগুড়া পৌরসভা বলছে, ২০০৫-০৬ অর্থবছরে শহরের প্রধান সড়ক সম্প্রসারণের সময় দুই পাশে সাড়ে আট কিলোমিটার সরু নালা নির্মাণ করে সওজ। মাত্র তিন ফুট প্রশস্ত এ নালা দিয়েই শহরের বড় অংশের পানি নিষ্কাশিত হয়। অথচ এসব নালায় বর্জ্য ফেলে শহরের হোটেল-রেস্তোরাঁ ও নানা ব্যবসাপ্রতিষ্ঠান। বর্ষাকাল দূরে থাক, শুষ্ক মৌসুমেই নালা উপচে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে পড়ে প্রধান সড়কে।

এদিকে করতোয়া নদীর দুই পাশে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। শহরের পুরোনো যেসব নালা নদীতে এসে মিশেছে, সেগুলো দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব নালা কার্যত বন্ধ হয়ে গেছে। দখল ও ভরাট হয়ে গেছে শহরের সুবিল খালসহ বড় বড় জলাশয়। বারশি খাল থেকে শহরের পানি ফটকি সেতু ও ভাদাই খাল হয়ে করতোয়া নদীতে পড়ে। পানিনিষ্কাশনের সেই গতিপথও এখন নানাভাবে বাধাগ্রস্ত। এতে শহরের পানি উপচে বসতঘর, রাস্তাঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠান সয়লাব হচ্ছে।

এ সম্পর্কে সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার সভাপতি মাসুদার রহমান বলেন, করতোয়া নদীতীরে গড়ে ওঠা প্রায় ৭০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে পয়োনিষ্কাশন–ব্যবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টি হলেই গোটা শহর জলমগ্ন হয়ে পড়ে। শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেই। ভারী বর্ষণ হলে ময়লা–আবর্জনায় ভরা নালার নোংরা পানি বাসাবাড়িতেও ঢুকে পড়ে, দুর্গন্ধ ছড়ায়। পথঘাটে চলাচল করা দায় হয়ে পড়ে। ১০ লাখ মানুষের বসবাসের বিশাল এই শহর উন্নয়নে মহাপরিকল্পনা নেই। পরিকল্পিত নালা নির্মাণ ও পুরোনো নালা সংস্কার ছাড়া জলাবদ্ধতার দুর্ভোগ থেকে শহরবাসীর মুক্তি কোনোভাবেই  সম্ভব নয়।

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, ‘বেশি সময় ধরে টানা বৃষ্টি হলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়। এই সমস্যা নিরসনে পৌরসভার প্রায় এক হাজার কিলোমিটার সড়কের দুই পাশে দুই হাজার কিলোমিটার পাকা নালা দরকার। কিন্ত পানিনিষ্কাশনের জন্য আছে মাত্র ৬২১ কিলোমিটার নালা। এসব নালা পরিষ্কার করতেও বিপুল অর্থ ব্যয় হয়। অনেক গুরুত্বপূর্ণ ও পুরোনো সড়কে পানিনিষ্কাশনের নালা নেই। অর্থসংকটে জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প হাতে নেওয়া সম্ভব হচ্ছে না।’