বরিশালের উজিরপুর
অনুমোদনের পর প্রকল্প অন্য স্থানে বাস্তবায়ন
মামলায় উপজেলা প্রকৌশলী, ইউএনও, ঠিকাদারসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
বরিশালের উজিরপুরে একটি গ্রামীণ সড়ক পাকাকরণের প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকৌশলী তাঁর ঘনিষ্ঠ স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার বিনিময়ে অনুমোদিত প্রকল্প অন্য স্থানে বাস্তবায়ন করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় গোলাম রহমান নামের এক ব্যক্তি এলাকাবাসীর পক্ষ থেকে বাদী বরিশাল সহকারী জজ আদালতে মামলাও করেছেন। মামলায় উপজেলা প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী প্রকৌশলী, ঠিকাদারসহ ১০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
বরিশাল এলজিইডির প্রথম শ্রেণির ঠিকাদার মো. আমীর সিকদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে উপজেলা প্রকৌশলী প্রকল্প স্থান বদল করেছেন, অভিযোগ করেছেন এলাকাবাসী।
বামরাইল ইউপির চেয়ারম্যান মো. ইউসুফ হোসেন প্রকল্পের স্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনুমোদিত সড়ক যথাস্থানে বাস্তবায়ন করার জন্য প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অনুরোধ করে চিঠি পাঠিয়েছি।’
আমি কর্মস্থলে যোগদানের আগের ঘটনা এটি। তবে শুনেছি, টেন্ডার আইডির ভুলে সমস্যা সৃষ্টি হয়েছে।মো. হুমায়ূন, বানরীপাড়া উপজেলা প্রকৌশলী ও উজিরপুরের ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী
এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতে সড়কটিতে পানি জমে কর্দমাক্ত হয়ে যায়। ছোট ছোট শিশু ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করে। জেলা ও উপজেলা সদরে যাতায়াতে সাধারণ মানুষকে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এলাকাবাসী বরিশাল-২ আসনের তৎকালীন মহাজোট প্রার্থী মো. শাহ আলম তালুকদারের শরণাপন্ন হয়ে এলাকার রাস্তাটি পাকা করার দাবি জানান। শাহ আলম তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হলে সড়কটি পাকা করে দেবেন বলে ঘোষণা দেন।
সংসদ সদস্য নির্বাচিত হয়ে শাহ আলম তালুকদার ২০১৯ সালে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পূর্ব সানুহার মিয়াবাড়ি বায়তুল নুর জামে মসজিদ পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকা করতে প্রকল্প তৈরি করতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন। ২০২২ সালে উপজেলা প্রকৌশল বিভাগ ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’-এর অধীনে ৭৮ লাখ ৯ শত ৫৫ টাকার একটি প্রকল্প তৈরি করে বরিশাল নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে এলজিইডি প্রধান প্রকৌশলীর দপ্তরে অনুমোদনের জন্য পাঠান। গত ১৮ এপ্রিল প্রকল্পটি অনুমোদন হয়। ওই এক কিলোমিটার সড়ক পাকাকরণে গত ১৮ জুলাই দরপত্র আহ্বান করা হয়। ১ আগস্ট মেসার্স হাওলাদার ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, অনুমোদিত ও কার্যাদেশ দেওয়া সড়ক পাকাকরণে প্রকল্পটি নাম, আইডি নম্বর কাগজপত্রে ঠিক থাকলেও উপজেলা প্রকৌশলী অনিয়মের মাধ্যমে প্রকল্পের স্থান পরিবর্তন করে সানুহার আরএইচডি থেকে কালিহাতা শেষ অংশে এক কিলোমিটার সড়ক পাকাকরণের কার্যক্রম শুরু করেন। অনতিবিলম্বে প্রকল্পটি অনুমোদিত যথাস্থানে বাস্তবায়নের জন্য দাবি জানান এলাকাবাসী।
বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম রহমান (৬০) ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. রাকিব সিকদার (৪৫) বলেন, উপজেলা প্রকৌশলী প্রভাবশালী ব্যক্তিদের খুশি করতে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে এক স্থানের নামে অনুমোদিত প্রকল্প আরেক স্থানে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছেন। চার গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অন্য স্থানে বাস্তবায়ন যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
জানতে চাইলে বানরীপাড়া উপজেলা প্রকৌশলী ও উজিরপুরের ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. হুমায়ূন বলেন, ‘আমি কর্মস্থলে যোগদানের আগের ঘটনা এটি। তবে শুনেছি, টেন্ডার আইডির ভুলে সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি সম্ভবত আদালত পর্যন্ত গড়িয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
অভিযোগ সম্পর্কে জানতে আমীর সিকদারের সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সংসদ সদস্য মো. শাহ আলম তালুকদারের কাছে এ প্রসঙ্গে জানতে ফোন করলে তিনি ফোন ধরেননি। তাঁর একান্ত সচিব মো. জসিম উদ্দিন বলেন, সংসদ সদস্য অনুমোদিত প্রকল্প স্থানে কাজ করার নির্দেশ দেন। স্থানীয় ব্যক্তিদের মধ্যে সড়ক নিয়ে বিরোধের বিষয়টি সংসদ সদস্য সমঝোতার চেষ্টা করেন এবং দুটি রাস্তাই পাকাকরণের ওয়াদা দেন। তারপরও একপক্ষ মামলা করেছে।