বাকেরগঞ্জ দিয়ে সরাসরি বাস চলাচল বন্ধ ১ মাস

এই রুটের বাসগুলো পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে চলাচল করছে। সময় লাগছে বেশি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকেরগঞ্জ হয়ে বরগুনা-ঢাকা রুটের যাত্রীবাহী বাস চলাচল এক মাস ধরে বন্ধ রয়েছে। রুট পারমিট না থাকায় বরিশালের রূপাতলী বাস মালিক সমিতির বাধার কারণে ওই পথে দূরপাল্লার বাস চলাচল করতে পারছে না।

এ কারণে বরগুনা-ঢাকা রুটের বাসগুলো পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে চলাচল করছে। এতে সময় লাগছে প্রায় ১০ ঘণ্টা, যা আগের চেয়ে তিন-চার ঘণ্টা বেশি। ভোগান্তিতে পড়েছে বরগুনা সদর, বেতাগী, তালতলী ও পটুয়াখালীর মির্জাগঞ্জের এলাকার দূরপাল্লার যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, দূরপাল্লার গাড়িগুলোকে রুট পারমিট দিতে হলে সড়ক যে পরিমাণ প্রশস্ত থাকা প্রয়োজন, সেই পরিমাণ প্রশস্ত নয় বাকেরগঞ্জ-বরগুনা জেলা সড়ক। এ কারণে ঢাকা-বরগুনা রুটে বাকেরগঞ্জ হয়ে বাসগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ওই সড়ককে আঞ্চলিক সড়কে রূপান্তরের জন্য আবেদন করেছে।

এ বিষয়ে সওজের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দীন বলেন, ‘বরগুনা থেকে বাকেরগঞ্জ ৫৭ কিলোমিটার জেলা সড়ক হিসেবে অন্তর্ভুক্ত। একে আঞ্চলিক সড়কে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আঞ্চলিক সড়কে অন্তর্ভুক্ত করা হবে।’

রুট পারমিট না থাকলেও দীর্ঘদিন ধরে ওই পথে দূরপাল্লার বাস চলাচল করেছে। এ সম্পর্কে বরিশালের রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী গাড়ি চলাচলের অনুমতি যেখানে আছে, সেখান দিয়েই চলাচল করবে। যেখানে রুট পারমিট আছে, সেই রাস্তা দিয়ে বাস যাবে। অন্য সড়ক দিয়ে যাবে, এটা তো ঠিক নয়। আগে কেন বাস চলাচলে বাধা দেননি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আছেন, যাঁরা এই পথে গাড়ি চালাচ্ছেন। নিয়ম অনুযায়ী সবকিছু হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা-বরগুনা রুটের এক বাসচালক বলেন, রুট পারমিট নেই, এটা কথিত অজুহাত। দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জ হয়ে বরগুনা-ঢাকার বাস চলাচল করেছে। এখন বাধা দেওয়ার কারণ হলো বরিশাল-বরগুনা রুটে লোকাল বাসে যাত্রী কমে গেছে। এ জন্য দূরপাল্লার বাসগুলোকে দায়ী করা হচ্ছে। বাধার কারণে আমতলীর ফেরি পার হয়ে যেতে হচ্ছে। এতে প্রতি ট্রিপে বাড়তি দুই হাজার টাকা খরচ হচ্ছে। সময় বেশি লাগছে তিন-চার ঘণ্টা।

চালকদের পাশাপাশি যাত্রীদেরও ভোগান্তি বেড়েছে। মো. সোহেল নামের এক যাত্রী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর বাকেরগঞ্জ হয়ে বরগুনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগত সাড়ে পাঁচ ঘণ্টার মতো। এ সড়ক দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ঢাকায় যেতে সময় লাগছে ১০ ঘণ্টা বেশি। পদ্মা সেতুর সুফল থেকে আমরা বঞ্চিত হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান করা দরকার।’

শিরিন আক্তার নামের আরেক এক যাত্রী বলেন, ‘ছোট বাচ্চা নিয়ে বাসে ঢাকা থেকে বরগুনা এসেছি। সড়কপথে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলেও এখন আমতলী ফেরি পার হয়ে বরগুনা আসতে হয়েছে। এতে সময় লেগেছে ১০ ঘণ্টার বেশি। অথচ কয়েক দিন আগে পাঁচ ঘণ্টায় বরগুনা থেকে ঢাকায় পৌঁছেছি। পদ্মা সেতু চালুর পরও আমাদের দুর্ভোগ কমেনি।’

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘বরিশাল মালিক সমিতি যে হয়রানি করে বাসগুলোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা জানি। বিষয়টি বিভাগীয় কমিশনার স্যারকে জানিয়েছি।’