হাঁস-মুরগি খেতে গিয়ে ধরা পড়ল অজগর, সুন্দরবনে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন
ফাইল ছবি

সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের মোংলা উপজেলার একটি বসতবাড়ির হাঁস-মুরগির খোপ থেকে বিশাল এক অজগর উদ্ধার করেছে বন বিভাগ। ২৭ কেজি ওজনের অজগরটি লম্বায় ১৫ ফুট। আজ বৃহস্পতিবার সকালে মোংলার সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালী গ্রামের মো. রুহুল আমিনের বাড়ির খোপ থেকে অজগরটি ধরা হয়।

খাবারের সন্ধানে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের। উদ্ধারের পর অজগরটি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্চের বরইতলা টহল ফাঁড়ির সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

অজগরটি খোপের তিনটি মুরগি ও একটি হাঁস খেয়ে ফেলেছে জানিয়ে মো. রুহুল আমিন সাংবাদিকদের বলেন, ‘সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি, একটি বিশাল অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বন বিভাগকে খবর দিই। তারা এসে সাপটিকে ধরে নিয়ে গেছে।’

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির বলেন, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালী গ্রামের রুহুল আমিনের বাড়ির মুরগির খোপে ঢুকে অজগরটি কয়েকটি হাঁস-মুরগি খেয়ে ফেলে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) ও সিপিজি (কমিউনিটি পেট্রালিং গ্রুপ) সদস্যরা মিলে অজগর সাপটিকে উদ্ধার করে। পরে অজগরটিকে আজ সকাল ৯টার দিকে সুন্দরবনের বরুইতলা এলাকায় সংরিক্ষত বনে অবমুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সুন্দরবনসংলগ্ন গ্রামগুলো থেকে প্রায় প্রতি সপ্তাহে অজগর পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। লোকালয়ে ধরা পড়া অধিকাংশ অজগর পাওয়া যাচ্ছে হাঁস-মুরগির খোপ বা বাড়ির আশপাশে।

সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, যেকোনো বন্য প্রাণীর আবাস ঝুঁকির মুখে থাকলে এবং খাবারের সংকট হলে তারা বের হয়ে লোকালয়ে চলে আসে। অজগর বা বন্য প্রাণী যে বন থেকে বেরিয়ে আসছে, বিষয়টা তা নয়। একটু ভিন্নভাবে দেখলে মানুষ কিন্তু বনের কাছে চলে এসেছে। আবার একই ধরনের পরিবেশের কারণে বনসংলগ্ন এলাকায় প্রাণীগুলো চলে আসছে। কিন্ত লোকালয় হয়ে যাওয়ায় প্রাণীগুলোর বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। কেন বর্তমান সময়ে সুন্দরবন থেকে এত বেশি অজগর বেরিয়ে আসছে, তা নিয়ে গবেষণা এবং সে অনুযোয়ী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।