বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের আগুনে পুড়ল মামলার নথি, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন লেগে বিভিন্ন নথি পুড়ে গেছে। আংশিকভাবে পুড়ে যাওয়া নথি আলাদা করছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নথি কক্ষে (রেকর্ড রুম) আগুন লেগে মামলার রায়ের নথিসহ বেশ কিছু নথি পুড়ে গেছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের বগুড়ার সহকারী পরিচালক মো. মঞ্জিল হক প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এটি কোনো নাশকতা কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ২০০১ থেকে ২০০৯ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হওয়া মামলার রায়ের কিছু নথি সম্পূর্ণ বা আংশিক পুড়ে গেছে। এ ছাড়া অন্য গুরুত্বপূর্ণ নথি ই-নথিতে সংরক্ষণ করা আছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, নথি কক্ষে জমির সিএস ও এমআর ছাড়াও জমি অধিগ্রহণের আপত্তি-নিষ্পত্তিসহ যাবতীয় নথি, সার্টিফিকেট মামলা নিষ্পত্তির নথি, ভ্রাম্যমাণ আদালতের নথি, জেলা প্রশাসনের অধীন বিভিন্ন শাখার নথি ছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হওয়া মামলার রায়ের নথি সংরক্ষণ করা থাকে। আজ বিকেলে নিচতলায় নথি কক্ষে আগুনের ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়া আদালতের আইনজীবী আবদুল লতিফ পশারী বলেন, রেকর্ড কক্ষে জমির সিএস, এমআর মামলার নথি ছাড়াও সরকারি নানা নথি সংরক্ষণ করা থাকে। গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ায় সংকট তৈরি হতে পারে। এটি নাশকতা কি না, তদন্ত হওয়া দরকার।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটন করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। কমিটির অন্য সদস্যরা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ফায়ার সার্ভিস, গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিনকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে অগ্নিকাণ্ডে কী কী নথি পুড়ে গেছে, তা তদন্ত করতে বলা হয়েছে।