আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে ছাত্রদলের অবস্থান
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন সিলেটের ছাত্রদলের নেতা–কর্মীরা। এ দাবিতে আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা।
কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা অংশ নেন। কর্মসূচির একপর্যায়ে নগরের শাহজালাল উপশহর এলাকায় এসএমপি কমিশনারের কার্যালয়ের সড়কে বসে অবস্থান নেন তাঁরা। পরে প্রশাসনের আশ্বাসে আজ বেলা ২টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘ধর, ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাস লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট-বোমা’।
এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
বেলা সোয়া একটার দিকে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের কয়েকজন নেতাকে দাবি–দাওয়া নিয়ে আলোচনার জন্য পুলিশ কমিশনার কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। পরে জেলা ও মহানগর ছাত্রদলের একটি প্রতিনিধিদল সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হকের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে ছাত্রদলের প্রতিনিধিরা নিজেদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার বিষয়গুলো দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানান ছাত্রদলের নেতারা।
সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম অভিযোগ করে বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নাশকতামূলক কর্মকাণ্ড ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ কারণেই তাঁদের আইনের আওতায় আনার দাবিতে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।
কর্মসূচি স্থগিতের বিষয়ে ছাত্রদলের এই নেতা বলেন, পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে তাঁরা আবারও আন্দোলন কর্মসূচিতে ফিরবেন।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামসহ জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।