আশুলিয়ায় ৪০ কারখানায় ছুটি, শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় আজও শ্রমিক বিক্ষোভ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে তাৎক্ষণিকভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশপাশের বিভিন্ন কারখানায় শ্রমিকেরা উপস্থিত হন। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনের সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে বিক্ষোভকারীরা ওই এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নেন। সকাল ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় গিয়ে দেখা যায়, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশের একটি গলিতে শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন। পুলিশ হ্যান্ডমাইকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে। এর আগে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান করছেন।

আরও পড়ুন

মামলা ও গ্রেপ্তার

চলমান শ্রমিক বিক্ষোভের সময় ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাভার মডেল থানায় আরও একটি মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

সাভারের সার্বিক পরিস্থিতি সকাল পর্যন্ত স্বাভাবিক আছে দাবি করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম প্রথম আলোকে বলেন, সাভারে গতকাল রাতে তেঁতুলঝোড়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলা করার প্রক্রিয়া চলছে। ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রাতে আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এসব ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন