বগুড়া–৬ আসনের ১৪৩টি কেন্দ্রের মধ্যে ১৩৫টি আওয়ামী লীগের দখলে: স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান
ছবি: প্রথম আলো

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নৌকার কর্মী–সমর্থকদের বিরুদ্ধে ১৪৩টি কেন্দ্রের মধ্যে ১৩৫টি দখলের অভিযোগ এনেছেন আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মান্নান আকন্দ।

ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থীর অভিযোগ, ১৩৫টি কেন্দ্র দখল করে ট্রাক প্রতীকের নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। নৌকার লোকজন গোপন বুথে ঢুকে নিজেরাই ইভিএম চেপে ভোট নিচ্ছেন। অনেক কেন্দ্রে নৌকার সমর্থক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

কেন্দ্র দখলের অভিযোগ তুললেও ভোট বর্জনের ঘোষণা দেবেন না বলে জানিয়েছেন আবদুল মান্নান। বেলা একটার দিকে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ফোন ধরছেন না। নির্বাচন কমিশন কোনো অভিযোগ নিচ্ছে না। এই রাষ্ট্রের কার কাছে বিচার চাইব। ভোট ডাকাতদের বিচারের ভার জনগণের কাছেই ছেড়ে দিলাম।’

কেন্দ্র দখলের অভিযোগ এনেছেন আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাসুদার রহমানও। তিনি প্রথম আলোকে বলেন, ‘কমপক্ষে ৩০টি কেন্দ্র থেকে আপেল প্রতীকের নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নৌকার সমর্থক ছাড়া কোনো ভোটারকে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। তবে এত কিছুর পরও ভোট বর্জন করব না।’