খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’, বাগেরহাট থেকেও বাসসহ সব যান চলাচল বন্ধ
খুলনায় বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’কে কেন্দ্র করে বাগেরহাট থেকে খুলনামুখী বাস চলাচল বন্ধ রাখার অভিযোগ করেছে বিএনপি। আজ সোমবার সকাল থেকে সড়কগুলোতে প্রাইভেট কার, মাইক্রোবাস, ইজিবাইক, মাহিন্দ্রসহ অন্যান্য যানকে খুলনার দিকে যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
হঠাৎই যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাগেরহাট বাস মালিক সমিতি বলছে, মহাসড়কে ইজিবাইক, মাহিন্দ্র (থ্রি-হুইলার), নছিমনসহ অযান্ত্রিক অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে তাঁরা ধর্মঘট করছেন।
খুলনা যেতে বাগেরহাট বাসস্ট্যান্ডে আসা তৌহিদুল ইসলাম বলেন, ‘আমার এক আত্মীয় অসুস্থ। খুলনার হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে যাব বলে সকালে বাড়ি (চরগ্রাম) থেকে বাসস্ট্যান্ডে আসি। দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাসে যেতে পারেনি। বাস তো চলছেই না, অন্য কোনো যানবাহনও যাচ্ছে না। ইজিবাইক, মাহিন্দ্রও চলতে দিচ্ছে না।’
বেলা ১১টার দিকে বাগেরহাট বাসস্ট্যান্ডের সামনে দেখা যায়, কয়েকটি মাইক্রোবাসের পথ আটকে জিজ্ঞাসাবাদ করছেন কয়েক ব্যক্তি। তাঁদের হাতে ছিল লাঠি ও কাঠের বাতা। মাইক্রোবাস দুটিকে পরে আটকে দেওয়া হয়। দুপুর পর্যন্ত বাসস্ট্যান্ড থেকে খুলনামুখী কোনো পরিবহনই ছেড়ে যায়নি। পিরোজপুর ও বরিশাল থেকেও এই পথে চলাচল করা কোনো বাস বাগেরহাটের ওপর দিয়ে এদিন খুলনায় যায়নি বলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বেলা সোয়া ১১টার দিকে শহরের ভিআইপি মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস আটকে চালক ও যাত্রীদের মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, চোর সন্দেহে সাহাপাড়া (ভিআইপি মোড়) এলাকায় কয়েকজনকে আটকে রাখার কথা শুনেছেন। তাঁদের সঙ্গে মাইক্রোবাসও ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যান চলাচল বন্ধ বা কোথাও বাধা দেওয়ার কোনো খবর জানা নেই।
বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা বলেন, তারুণ্যের সমাবেশে যাতে নেতা-কর্মীরা যোগ দিতে না পারেন, এ জন্য সকাল থেকেই বাস বন্ধ করে দেওয়া হয়। তবে গতকাল রাতেই অধিকাংশ নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নিতে খুলনাতে চলে এসেছেন। এর আগেই খুলনায় অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশের তুলনায় এবার রাস্তাঘাটে বাধা ও হামলার ঘটনা অনেক কম ছিল।
যানবাহন বন্ধের বিষয়ে বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী বলেন, ইজিবাইক, মাহিন্দ্র (থ্রি-হুইলার), নছিমনসহ মহাসড়কে অযান্ত্রিক ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে তাঁরা ধর্মঘট করছেন। কোনো দলের কোনো কর্মসূচির সঙ্গে তাঁদের এই ধর্মঘটের সম্পর্ক নেই।