দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, রয়েছে চাঁদাবাজির অভিযোগ
দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বহিষ্কৃত ওই নেতার নাম মো. মাসুদ কালা (৩২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ ও সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী এই সাংগঠনিক সিদ্ধান্ত নেন। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক এস এম আরিফ মাইনউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। এ ঘটনার পর ওই দিন রাতেই মাসুদ কালাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে দস্যুতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায়, মাসুদ কালার বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা, পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাংগঠনিক তদন্তে মাসুদ কালার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় মাসুদ কালার যুক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাঁকে আগের একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা, পাহাড় কেটে বালু লুট, দস্যুতাসহ থানায় ১২টি মামলা রয়েছে।