গাজীপুরে রেললাইনে আবর্জনা ফেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে আটটায়
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকায় রেললাইনের ওপর আবর্জনা ও বাঁশ ফেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের ওপর কিছু আবর্জনা ও বাঁশের টুকরা ফেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনা খুব ছোট। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কারা এটি করেছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। রেললাইনে আগুন দেওয়ার খবর পেয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, রাত পৌনে আটটার দিকে খবর আসে, ভূরুলিয়া রেললাইনের পাশে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।

ইউএনও সৈয়দ মুরাদ আলী বলেন, দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণ করা হয়েছে।