সিলেটে বেড়াতে এসে রোহিঙ্গা তরুণ আটক

শহীদুল আমিনছবি: সংগৃহীত

সিলেটে বেড়াতে আসা এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের তেমুখি পয়েন্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক রোহিঙ্গা তরুণ শহীদুল আমিন (১৯) চট্টগ্রামের কক্সবাজার উখিয়া ক্যাম্প-২-এ থাকেন। তিনি কক্সবাজারের বাংলাদেশি দুই তরুণের সঙ্গে সিলেটে বেড়াতে এসেছিলেন। তাঁদের সিলেটের শাহজালাল (রহ.) মাজার জিয়ারতসহ আরও কয়েকটি জায়গায় বেড়ানোর কথা ছিল। তবে গতকাল রাতে বাংলাদেশি দুই তরুণ তাঁকে রেখে হঠাৎ কোথাও চলে যান। তাঁরা আর ফিরে আসেননি। এরপর শহীদুল সিলেটের তেমুখি এলাকায় একা একা ঘুরছিলেন। এ সময় আশপাশের লোকজন নাম–ঠিকানা জিজ্ঞাসা করার একপর্যায়ে তাঁর রোহিঙ্গা পরিচয় জানাজানি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাঁকে আটক করে হেফাজতে নেয়।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, রোহিঙ্গা তরুণ পূর্বপরিচিত দুই বাংলাদেশি তরুণের সঙ্গে সিলেটে বেড়াতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর সঙ্গে একটি শার্ট ও প্যান্ট ছাড়া আর কিছুই নেই। তাঁকে আটক করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।