গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানায় বিক্ষোভ, কর্মবিরতি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় নীট এশিয়া লিমিটেড নামের একটি তৈরি পোশাকের কারখানায় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবরে দুই দিন ধরে বিক্ষোভ হচ্ছে। এ সময় শ্রমিকেরা কারখানার চারজন কর্মকর্তাকে মারধর করেছেন। আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ চলাকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। তবে শ্রমিকেরা কারখানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে কর্মবিরতি পালন করছেন।
মৃত ওই শ্রমিকের নাম আবদুস সালাম (৩০)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়হরিপুর মণ্ডলপাড়া এলাকার আ. ছাত্তারের ছেলে। তিনি এক ছেলে ও স্ত্রীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার কাঁঠালতলা এলাকায় ভাড়া থাকতেন।
কারখানার শ্রমিকেরা বলেন, আবদুস সালাম কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। অন্যান্য দিনের মতো গতকাল সোমবার সকাল ৮টায় কাজে যোগ দেন। কিছুক্ষণ পর তাঁর বুকে ব্যথা শুরু হয়। অসুস্থ অবস্থায় তিনি কারখানার ব্যবস্থাপক মো. সালাম হোসেন, উৎপাদন নির্বাহী কামাল হোসেন ও সুইং সুপারভাইজার লেবু মিয়ার কাছে গিয়ে হাসপাতালে যাওয়ার কথা বলে ছুটি চান। কিন্তু তাঁরা তাঁকে ছুটি না দিয়ে কাজে যেতে বলেন।
পরে আবদুস সালাম অন্য শ্রমিকদের সঙ্গে কারখানার চিকিৎসাকেন্দ্রে যান। ওই সময় কারখানায় কোনো চিকিৎসক ছিলেন না। তবে দুজন নার্স তাঁকে কিছু সময় দেখে কিছু হয়নি বলে কাজে যেতে বলেন। তখন তিনি আবার কাজে যোগ দেন। কিছু সময় পর তিনি অচেতন হয়ে কারখানা মেঝেতে লুটিয়ে পড়েন। পরে অন্য শ্রমিকেরা তাঁকে ওই দুই কর্মকর্তার কাছে নিয়ে যান। তাঁদের নির্দেশে ও নিরাপত্তাকর্মীদের দিয়ে সালামকে একটি রিকশায় উঠিয়ে পাশের একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সালামের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে শ্রমিকেরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ছুটি না দেওয়ায় তাঁরা ব্যবস্থাপক মো. সালাম হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন।
কারখানা সূত্রে জানা যায়, আজ সকালেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ব্যবস্থাপক (উৎপাদন) ফায়জুর রহমান, উৎপাদন নির্বাহী কামাল হোসেন ও সুইং সুপারভাইজারকে চাকরিচ্যুত করার দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় কারখানায় সার্বক্ষণিক একটি অ্যাম্বুলেন্স দেওয়ারও দাবি জানানো হয়। বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা আরও তিন কর্মকর্তাকে মারধর করে। খবর পেয়ে শিল্প ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা কারখানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছিল।
সহকর্মীদের বরাত দিয়ে আবদুস সালামের খালাতো ভাই এরশাদ মিয়া বলেন, তাঁর ভাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য গেট পাস চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ গেট পাস না দিয়ে কাজে যেতে বলেন। তাঁকে সময়মতো গেট পাস দেওয়া হলে হয়তো তিনি বেঁচে যেতেন। তাঁর পরিবারের লোকজন লাশ বাড়িতে (দিনাজপুরে) নিয়ে গেছেন।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক তরিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যস্ত আছি। পরে কথা বলব।’ পরে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. ইমরান আহম্মেদ জানান, শ্রমিকেরা ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। কারখানায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।