মিথ্যা মামলা করতে প্ররোচনা, এক ব্যক্তি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

চট্টগ্রামে মিথ্যা মামলা করতে প্ররোচনা দেওয়ায় এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই ব্যক্তির নাম নুর উদ্দিন। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম প্রথম আলোকে বলেন, মিথ্যা মামলা করার অভিযোগে আছিয়া খাতুন ও তাঁর সহযোগী নুর উদ্দিনের বিরুদ্ধে গত বছরের ৩১ মে পাল্টা মামলা করেন ভুক্তভোগী কে এম এনায়েত উল্লাহ। পরে আদালত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আছিয়া গত ১৬ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের আগস্টে ফটিকছড়ির ভূজপুরের কে এম এনায়েত উল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন আছিয়া খাতুন। আদালত তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। কিন্তু বাদী কোনো সাক্ষ্যপ্রমাণ দিতে পারেননি।

তদন্তে সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। গত বছরের ৯ মার্চ আদালত পিবিআইয়ের প্রতিবেদনটি গ্রহণ করে অভিযুক্ত এনায়েত উল্লাহকে মামলা থেকে অব্যাহতি দেন। পরে এনায়েত উল্লাহ পাল্টা মামলা করেন আছিয়া খাতুন ও নুর উদ্দিনের বিরুদ্ধে।