গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন তারেক রহমান। আজ বুধবার দুপুরেছবি : সাইয়ান

বর্তমানে বাংলাদেশে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে তিনি নগরের বান্দ রোডের বেলস পার্কের জনসভাস্থলে আসেন। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতা–কর্মীরা তাঁকে স্বাগত জানান। দুপুর ১২টা ২৭ মিনিটে তারেক রহমান জনসভার মঞ্চে পৌঁছান।

জনসভায় তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল, যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয়ে চেনে, জনগণ তাদের গুপ্ত পরিচয়ে চেনে। আপনারা চেনেন কারা গুপ্ত? প্রিয় ভাইবোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে।’

কর্মক্ষেত্রে নারী–পুরুষের সহাবস্থান সম্পর্কে তারেক রহমান বলেন, ‘এই বাংলাদেশে নারী–পুরুষ সবাই মিলে মাঠে কাজ করেন। কৃষক ভাইয়েরা যেমন মাঠে কাজ করেন, আমরা জানি কিষানি বোনেরাও মাঠে কাজ করেন। শুধু মাঠেই নয়, কলকারখানায় আমাদের মেয়েরা, বোনেরা, নারীরা–পুরুষেরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন।’

সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া। তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে। আজকের নির্বাচনী জনসভা শেষে তারেক রহমান ফরিদপুরের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন