গোয়ালন্দে আ.লীগের বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড, সাংবাদিকদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কর্মসূচিতে আসা মাইক্রোবাসের যাত্রীদের ওপর আওয়ামী লীগের হামলা। শনিবার বেলা তিনটার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠের পাশে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাধায় বিএনপির কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আজ শনিবার বেলা তিনটায় গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠে বিএনপির কর্মসূচি পালনের কথা ছিল।

তবে বিএনপির কর্মসূচি প্রতিহত করতে আগেই ওই মাঠে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। পৌনে তিনটার দিকে বিএনপির কর্মসূচিতে যোগ দিতে আসা একটি মাইক্রোবাস ওই মাঠের পাশে এলে আওয়ামী লীগের নেতা–কর্মীরা গাড়িতে হামলা করেন। এ সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক।

হামলায় দৈনিক বাংলা ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক মইনুল হক মৃধা এবং দৈনিক ইনকিলাবের সাংবাদিক মোজাম্মেল হক আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। অন্যদিকে সাংবাদিকদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আওয়ামী লীগ।

স্থানীয় লোকজন ও দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা–কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। আজ বেলা তিনটায় গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠে তাঁদের কর্মসূচি পালনের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. নজরুল ইসলামসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মাঠে অবস্থান নেন।

হামলায় আহত এক সাংবাদিক। হামলার সময় ছবি তুলতে গিয়ে দুই সাংবাদিক আহত হন। শনিবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা পৌনে তিনটার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৬-২০২৯) মাঠের এক পাশে মহাসড়কের পাশে দাঁড়ায়। মাইক্রোবাসটিতে বেশ কয়েকজন বসে ছিলেন। তখন ওই মাইক্রোবাসে হামলা করেন আওয়ামী লীগের কর্মীরা। এ সময় তাঁরা মাইক্রোবাসটি ভাঙচুর ও আরোহীদের মারধর শুরু করেন। এ সময় পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করলে হামলাকারীরা পুলিশের ওপরও চড়াও হন। এ সময় সাংবাদিকেরা ছবি তুলতে শুরু করলে হামলাকারীরা তাঁদের ওপর হামলা করেন। সাংবাদিকদের মুঠোফোনও কেড়ে নেন হামলাকারীরা। পরে আহত সাংবাদিক মইনুল ও মোজাম্মেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি জেনে হাসপাতালে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ বেশ কয়েকজন নেতা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী দাবি করেন, দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে বহিরাগত কয়েকজন যুবক ঘটনাটি ঘটিয়েছেন। তাঁরা তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছেন। দলের পদধারী কোনো কর্মী হামলায় জড়িত নন। তবে দলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের পর বিএনপির নেতা–কর্মীরা মাঠে না গিয়ে উপজেলা পরিষদের পেছনে উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখের বাসভবনের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন। অবস্থান কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদের সঞ্চালনায় নেতা–কর্মীরা পথসভায় বক্তব্য দেন। পরে বিএনপির নেতারা আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান।

পূর্ব–নির্ধারিত জায়গায় কর্মসূচি পালন করতে না পেরে বিএনপির নেতা–কর্মীরা উপজেলা পরিষদের পেছনে দলীয় নেতার বাসার সামনে সংক্ষিপ্ত পথসভা করেন। গোয়ালন্দ, রাজবাড়ী, ৮ এপ্রিল
ছবি: প্রথম আলো

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ বলেন, আওয়ামী লীগের বাধায় তাঁরা পূর্বনির্ধারিত উপজেলা কোর্ট মাঠে সভা করতে পারেননি। সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকেও আসতে দেওয়া হয়নি। জেলা যুবদলের একটি দল মাইক্রোবাসে মাঠে গিয়েছিল। কিন্তু তাদের গাড়ি ভাঙচুর করে মারধর করা হয়েছে। কয়েকজন সংবাদকর্মীকে পেটানো হয়েছে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক মনিরুল মিয়া বলেন, হঠাৎ গাড়িতে হামলা করে কয়েক ব্যক্তি। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানমাল রক্ষায় লাঠিপেটা করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।