কুষ্টিয়ায় সড়কে ঝরল দুই ভাইসহ চারজনের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দীননগর এলাকায় আজ সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন কৃষক নিহত হন
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় আজ সোমবার ভোরে একই স্থানে তিন কৃষকসহ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। ভোররাত পৌনে চারটা থেকে সাড়ে চারটার মধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুটি দুর্ঘটনা ঘটে।

এক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের ইনতা সরদার (৪০), গাফফার (৩৫) ও ছানোয়ার প্রামাণিক (৩৫)। ইনতা ও গাফফার দুই ভাই। অপর দুর্ঘটনায় মারা গেছেন নওগাঁর সাপাহার এলাকার তাতৈল গ্রামের এনদাল (৪২)। আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনা দেখে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে উল্টে পড়ে
ছবি: প্রথম আলো

চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাত পৌনে চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুষ্টিয়ার কুমারখালী আলাউদ্দীননগর বালুর মাঠ এলাকায় সবজিবোঝাই একটি ভ্যানের সঙ্গে নছিমনের সরাসরি ধাক্কা লাগে। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ওই সময় দুর্ঘটনা দেখে সেখানে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলে ভ্যান ও নছিমনে থাকা তিন কৃষক নিহত হন। আহত হন অন্তত নয়জন।

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে আহত কয়েকজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছে দেওয়া হয়।

এদিকে ভোররাত সাড়ে চারটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে এনদাল নামের একজন মারা যান।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, চারজনের লাশ হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করেছে। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলো জব্দ করা হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি ঘটনাস্থলেই আছে।