নারায়ণগঞ্জে শিশু হত্যা মামলায় মায়ের প্রেমিকের মৃত্যুদণ্ড, মায়ের আমৃত্যু কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

পাঁচ বছর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক বছরের শিশু মরিয়ামকে শ্বাসরোধে হত্যার মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ওই শিশুর মাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক উম্মে সরাবান তহুরা এ রায় দেন। রায়ে আদালত দুই আসামিকেই ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া লাশ গুম করার দায়ে দুজনকে ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোলায়মান জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওই শিশুর মা বিলকিস বেগম পটুয়াখালীর গলাচিপা এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার নন্দলপুর এলাকার একটি গলি থেকে এক বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর মরদেহ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা-পুলিশ। এই ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই সাইদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে নিহত শিশুর পরিচয় উদ্‌ঘাটন করে। এরপর ওই শিশুর মা ও তাঁর প্রেমিক সোলাইমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ সোলাইমান ও ওই শিশুর মাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।