এক নবজাতকের পিতৃত্ব দাবি দুই যুবকের, তড়িঘড়ি করে হাসপাতাল ছাড়লেন প্রসূতি
বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সন্তানসম্ভবা এক নারীকে (২৭) ভর্তি করান এক যুবক। তিনি নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দেন। অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। পরদিন ওই হাসপাতালে হাজির হন আরেক যুবক। তিনিও ওই নবজাতকের পিতৃত্ব দাবি করেন।
এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে নবজাতকের পিতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি দাবিতে বিব্রতকর অবস্থায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ওই প্রসূতির বাবা তড়িঘড়ি করে মেয়েকে বাড়ি নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার অস্ত্রোপচারের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী পরিবারের এক নারীর সন্তান প্রসব করানো হয়। ওই নারীর বাবার বাড়ি বরিশাল সদর উপজেলায়। এর আগে শুক্রবার স্বামী পরিচয় দিয়ে ওই নারীকে হাসপাতালে ভর্তি করান বাকেরগঞ্জ উপজেলার এক যুবক।
তবে সন্তান জন্মের পরদিন গতকাল রোববার সকালে হাসপাতালে হাজির হন গাজীপুরের বাসিন্দা আরেক যুবক। তিনিও নিজেকে ওই নারীর স্বামী দাবি করে বলেন, নবজাতকের বাবা তিনি।
গাজীপুর থেকে আসা যুবকের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই নারীকে বিয়ে করেন তিনি। বিয়ের সময় ওই নারী ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। বিয়ের পর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। গর্ভে সন্তান আসার পর তিন মাস আগে ওই নারী বাবার বাড়ি বরিশালে আসেন।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের জেরার মুখে গাজীপুর থেকে আসা যুবক বিয়ের কাবিননামা ও বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে দেখান।
তবে গাজীপুরের যুবকের এসব দাবি অস্বীকার করেন প্রসূতি। তাঁর দাবি, ওই যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। নবজাতকের বাবাও তিনি নন।
এদিকে গাজীপুরের ওই যুবক হাসপাতালে উপস্থিত হওয়ার পর স্বামী পরিচয় দেওয়া বাকেরগঞ্জের যুবকটি হাসপাতাল থেকে চলে যান। এ জন্য তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ওই নারীর প্রতিবেশী সঞ্জীব দাস দাবি করেন, গাজীপুরের যুবকটির সঙ্গে বিয়ের পর ওই নারীর বাবার বাড়িতে যাতায়াত ছিল। ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁদের বিয়ে হয়।
এ বিষয়ে বেসরকারি ওই হাসপাতালের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রত হয়েছি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উৎসুক লোকজন হাসপাতালে ভিড় করছিল। পরে ওই নারীর বাবা রোববার মেয়েকে বাড়িতে নিয়ে গেছেন।’